চেনা পাকিস্তানি ছক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম ভারতের গুজরাটের সমুদ্রসীমায় পাকিস্তানি নৌকায় বিস্ফোরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই মনে করছে ভারত। প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সামরিক গোয়েন্দা বিভাগের বিশ্বাস, জম্মু সীমান্তে লাগাতার অস্ত্রবিরতি লঙ্ঘনের সঙ্গে এই নৌ-বিস্ফোরণের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্রের কথায়, দুটি ঘটনাই এক ‘বৃহত্তর চক্রান্তের’ অংশ।
গত বছরের শেষ দিনে গুজরাটের পোর বন্দর থেকে ৩৬৫ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ভারতীয় জলসীমায় পাকিস্তানের একটি বড় নৌকায় বিস্ফোরণ ঘটে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী প্রথমে নৌকাটিকে শনাক্ত করে। কর্তৃপক্ষ বলেছে, নৌকায় অন্তত চারজন সন্দেহভাজন জঙ্গি ও প্রচুর বিস্ফোরক মজুত ছিল। চ্যালেঞ্জ জানালে জঙ্গিরা প্রথমে গুলি চালায়। কিন্তু তারপর ধরা পড়ার ভয়ে বিস্ফোরণ ঘটিয়ে নৌকাটিকেই ডুবিয়ে দেয়। ভারতের উপকূলরক্ষী বাহিনী গোটা ঘটনাটির ছবি তুলে রাখলেও পাকিস্তান তা অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম বলেছেন, সিন্ধু প্রদেশের কেটি বন্দর থেকে কোনো নৌকাই ভারতের দিকে যায়নি। তাঁর মতে, এটা আসলে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করতে ভারতের চক্রান্ত।
তবে চক্রান্তের এই অভিযোগ ভারত পাল্টা ঘুরিয়ে দিতে চাইছে পাকিস্তানের দিকে।
দুই দিন বন্ধ থাকার পর গত শুক্রবার ভোর থেকে জম্মু আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি বাহিনী ব্যাপক গোলাগুলি চালাতে শুরু করে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই মনে করেন, স্থলসীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন ও জলসীমা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা পাকিস্তানের একটা বড় সন্ত্রাসী ছক। চলতি মাসে গুজরাটের দুটি বড় আন্তর্জাতিক সম্মেলন ও ভারতের প্রজাতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপস্থিতির সময় জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা (এলইটি) চাইছে একটা বড়সড় আক্রমণ চালাতে।
স্থানীয় ভারতীয় সেনাবাহিনীর পদস্থ কর্তাদের মতে, কাশ্মীর সীমান্তে পাকিস্তান বাহিনীর গোলাগুলির আড়ালে ছোট ছোট দলে ভাগ হওয়া অন্তত দেড় শ জঙ্গি ভারতে ঢোকার অপেক্ষায় রয়েছে। এরা সবাই লস্কর-জঙ্গি। সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দারা মনে করছে, শুধু জম্মুর ওপরেই নির্ভর না করে এলইটি সমুদ্রপথেও জঙ্গি পাচারের চেষ্টা করছে।
মুম্বাই হামলার খলনায়কেরাও এভাবে সমুদ্রপথে ভারতে এসেছিল। সেই থেকে আরব সাগরে ভারতীয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর নজরদারি অনেক বাড়ানো হয়েছে। নৌকায় বিস্ফোরণের ঘটনার পর গুজরাট ও মহারাষ্ট্রকে নতুনভাবে সজাগ করে দেওয়া হয়েছে।