চেন্নাই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিলনাড়ু রাজ্যে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আজ রাজধানী চেন্নাইয়ের বেশ কিছু সড়কে ছিল এমন থই থই পানি। ছবি: রয়টার্স
তামিলনাড়ু রাজ্যে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আজ রাজধানী চেন্নাইয়ের বেশ কিছু সড়কে ছিল এমন থই থই পানি। ছবি: রয়টার্স

দুই দিন বৃষ্টিহীন কাটলেও আজ শনিবার ফের বৃষ্টি শুরু হয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে। কিন্তু তা সত্ত্বেও ক্রমশ স্বাভাবিক হচ্ছে দেশটির দক্ষিণাঞ্চলের এই রাজ্য। অধিকাংশ সড়কে জলাবদ্ধতা কেটেছে। শুরু হয়েছে গাড়ি চলাচল। বন্ধ বিমানবন্দরও পানিমুক্ত হয়েছে। যদিও বাণিজ্যিকভাবে বিমান চলাচল স্বাভাবিক হতে আরও এক দিন লাগবে।
সরকারি হিসেবে এই কদিনের বৃষ্টিতে ইতিমধ্যে আড়াই শ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রেল যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। সব জায়গায় বন্ধ বিদ্যুৎ সরবরাহও চালু করা যায়নি। খাদ্য-পানীয়-বাসস্থানের হাহাকারও রয়েছে। তারই মধ্যে দ্রুত চলছে উদ্ধারকাজ এবং দুর্গত এলাকায় খাবার ও পানীয় জল সরবরাহের কাজ। এই কাজে ঝাঁপিয়ে পড়েছে সরকারি উদ্ধারকারী দল, সেনা-নৌ-বিমান বাহিনীর জওয়ান, রাজ্য প্রশাসন এবং সাধারণ মানুষ। ক্রমশ স্বাভাবিক হচ্ছে টেলিকম পরিষেবা। কাল রোববার ছুটির দিন হলেও ব্যাংক খোলা রাখার কথা ঘোষণা করা হয়েছে। ৮ ডিসেম্বর পর্যন্ত বিনা ভাড়ায় বাসেও চড়া যাবে।
অবশ্য ‘নেই’ এর তালিকাও লম্বা। পেট্রল পাম্পে জ্বালানির সংকট, দুধ ও পানীয় জলের সংকট, এটিএম বুথেও টাকা বাড়ন্ত। শহরের সর্বত্রই এ জন্য দিনভর বিশাল লাইন চোখে পড়ে। তবে এত হাহাকার সত্ত্বেও আইন শৃঙ্খলার অবনতি হয়নি। বরং সহযোগিতার ছবিটাই এই কদিনে বড় হয়ে দেখা দিয়েছে।
এই প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও রাজনীতি কিন্তু থেমে নেই। ত্রাণ সামগ্রীর প্যাকেটে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার ছবি সাঁটার খবর পাওয়া গেছে। সরকারের পক্ষ থেকে যেখানেই ত্রাণ পাঠানো হচ্ছে, তাতে থাকছে মুখ্যমন্ত্রীর ছবি। রাজ্যের বিরোধীমহল এ জন্য সরকারের সমালোচনায় মুখর।