চেন্নাইয়ে বৃষ্টি বন্ধ, বেড়েছে জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে প্রবল বর্ষণ থামলেও জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হাজার হাজার মানুষ তাদের বাড়িঘরে আটকা পড়েছে। সেনা, বিমান, নৌবাহিনীসহ সরকারি ও বেসরকারি স্তরে শুরু হয়েছে উদ্ধারকাজ। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
অতিবৃষ্টিজনিত বন্যায় গতকাল পর্যন্ত ২৬৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত থেকে প্রবল বর্ষণ থেমে যায়। গতকাল চেন্নাই শহরে থেমে থেমে কয়েক দফা সামান্য বৃষ্টি হয়। বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় উদ্ধারকর্মীদের কাজ কিছুটা সহজ হয়। গত মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টায় ৩৪৫ মিলিমিটার বৃষ্টি হয়। চেন্নাইয়ের শত বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ।
টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ৩০ লাখেরও বেশি মানুষ বিপর্যয়ের মধ্যে পড়ে। সব নাগরিক পরিষেবা বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজে নেমে সেনাবাহিনীর সদস্যরা ১৮ হাজার মানুষকে বাড়ির ছাদ এবং শহরতলি থেকে উদ্ধার করেছেন।
চেন্নাই শহর কর্তৃপক্ষ ভেঙে যাওয়া রাস্তা সংস্কারে বুলডোজার এবং বালুর বস্তা সরবরাহ করেছে। উপকূলীয় শহরে জোয়ারের ফলে পানি কমছে খুব কম হারে। লেকের পানি তীর উপচে জনপদে প্রবেশ করছে। চেন্নাইয়ের মাইলাপুরের বাসিন্দা এনডিটিভিকে বলেন, ‘পানি ক্রমাগতভাবে বাড়ছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে হচ্ছে।’
বন্যায় চেন্নাইয়ের ট্রেন ও বিমানবন্দর ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে। বেসামরিক বিমানগুলোকে রোববার পর্যন্ত নৌবাহিনীর বিমানঘাঁটি ব্যবহার করতে বলা হয়েছে। গতকাল নৌবাহিনীর সদস্যদের মাছ ধরার নৌকা নিয়ে উপদ্রুত মানুষকে উদ্ধার করে কাছের মন্দির বা স্কুলে নিতে দেখা গেছে। চেন্নাই সিটি করপোরেশনের কমিশনার বিক্রম কাপুর বলেন, ‘বৃষ্টি বাড়লে কোনো ড্রেন আর কাজ করবে না। পরিস্থিতি আসলেই খারাপ হয়ে যাবে।’
কেন্দ্রীয় সরকারের এক মুখপাত্র বলেছেন, বন্যায় বিভিন্ন দুর্ঘটনায় ৭০০-র বেশি মানুষ আহত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কে এস ধাতওয়ালিয়া গতকাল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা আমাদের সাধ্যের মধ্যে সবকিছু করতে চাই। কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আবহাওয়া এখনো বিরূপ।’
বন্যা পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল চেন্নাই সফর করেন। বিমানবন্দর ডুবে যাওয়ায় শহর থেকে ৭০ কিলোমিটার দূরে নৌবাহিনীর ঘাঁটিতে নামেন তিনি।