চোখের জলে তারিশির শেষকৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারিশি জৈন
তারিশি জৈন

চোখের জলে সম্পন্ন হলো তারিশি জৈনের শেষকৃত্য। গুলশানে জঙ্গি হামলার ঘটনায় নিহত ১৯ বছরের এই ভারতীয় তরুণীর মরদেহ আজ সোমবার দুপুরে জেট এয়ারওয়েজের বিমানে দিল্লি বিমানবন্দরে আনা হয়। ভারতীয় জাতীয় পতাকায় মোড়া তাঁর কফিন বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় দিল্লি-সংলগ্ন হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে জৈনদের বাড়িতে।
কেন্দ্রীয় সরকারের পক্ষে বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল সেখানে গিয়ে তারিশির পরিবারের পাশে দাঁড়ান। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর লেখা শোকবার্তা নিয়ে যান কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ সাবেক অভিনেতা রাজ বাব্বর। এর আগে হরিয়ানার শিক্ষামন্ত্রী রামবিলাস শর্মা ও গুরগাঁওয়ের ডেপুটি কমিশনার টি এল সত্যপ্রকাশসহ অন্য সরকারি কর্তারা বিমানবন্দরে গিয়ে তারিশির মরদেহ গ্রহণ করেন। গুরগাঁওয়ে কমিউনিটি হলে রাখা হয় তারিশির কফিন। আত্মীয়পরিজন ছাড়াও শত শত প্রতিবেশী এসে শ্রদ্ধা জানিয়ে যান।
গুলশানে হামলার পেছনে কারা, এ নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কিছুটা মতানৈক্য স্পষ্ট। কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোর এক সূত্রের মতে, বাংলাদেশে আইএস ও আল-কায়েদা বেশ ভালোমতো জাল বিছিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশকে সতর্কও করা হয়েছে। তবে দেশে আইএসের উপস্থিতি না থাকার বিষয়ে বাংলাদেশের সরকার রাজনৈতিক কারণে একরকম অনমনীয় মনোভাব নিয়ে চলছে।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো বাংলাদেশের সরকারের অভিমতকেই প্রাধান্য দিচ্ছে। একটি সূত্র সোমবার প্রথম আলোকে বলে, ভারতও মনে করে, এই উপমহাদেশে এখনো আইএসের উপস্থিতি ঘটেনি। বাংলাদেশে যা ঘটেছে, তা ঘটিয়েছে সেখানকার সন্ত্রাসীরাই।
ঢাকায় ভারতীয় দূতাবাস ও ভারতীয়দের কোনো হুমকি দেওয়া হয়েছে কি না, জানতে চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, তেমন কোনো খবর তাঁদের কাছে নেই। সরকারি সূত্রের খবর, নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।