ছত্তিশগড়ে মাইন বিস্ফোরণে ৯ পুলিশ নিহত
ভারতের ছত্তিশগড় রাজ্যের মাওবাদী-অধ্যুষিত এলাকায় মাইন বিস্ফোরণে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) নয় সদস্য নিহত হয়েছেন। রাজ্যের সুকমা জেলার কিসতারাম এলাকায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার পুলিশ সদস্য গুরুতর জখম হয়েছেন।
গতকাল দুপুরে কিসতারাম এলাকায় মাওবাদীদের উপস্থিতি টের পেয়ে সিআরপিএফ তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি চলার সময় জঙ্গলে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে সিআরপিএফের নয় সদস্য নিহত হন। এ সময় এ তল্লাশি দলের সঙ্গে থাকা মাইন নির্ণয়ক গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর এই এলাকায় সিআরপিএফ বাহিনী এসে ঘিরে ফেলে। শুরু করে চিরুনি তল্লাশি। গতকাল রাতেও এখানে মাওবাদী-পুলিশ গুলিবিনিময় হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমণ সিং, কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতি রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁরা নিহত জওয়ানদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এর আগে ২০১৫ সালের ১১ মার্চ এই সুকমা জেলায় মাওবাদী হামলায় ১৫ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি এই জেলায় মাওবাদীদের হাতে মৃত্যু হয় ছয় পুলিশ সদস্যের। ২০১৩ সালের ২৫ মে ছত্তিশগড়েরই দান্তেওয়াড়া জেলায় রাজ্যের মন্ত্রী মহেন্দ্র বর্মা, কংগ্রেসের রাজ্য সভাপতি নন্দ কুমার প্যাটেলসহ ২৭ জনের মৃত্যু হয়েছিল মাওবাদীদের অতর্কিত হামলায়। এ ছাড়া ২০১০ সালের এপ্রিল মাসে দান্তেওয়াড়ায় মাওবাদীদের হাতে নিহত হয়েছিল ৭৬ জন সিআরপিএফ জওয়ান।
সর্বশেষ এই ছত্তিশগড় রাজ্যে ২ মার্চ সকালে যৌথ বাহিনীর তল্লাশি অভিযানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়। এদের মধ্যে ছয়জনই ছিলেন নারী। দুই পক্ষের গুলির লড়াইয়ে ওই দিন নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাও। আহত হয়েছেন তিনজন পুলিশ সদস্য।
আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকাজুড়ে চিরুনি তল্লাশি অভিযান শুরু হয়েছে।