ছাগল গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত!
কথায় আছে ‘পাগলে কি না বলে, আর ছাগলে কি না খায়।’ সবজি, ঘাস ও লতা-পাতা কিংবা ফসলের খেত—কিছুতেই যেন না নেই! কারও ফসলের খেতে নামলে কিংবা বাগানে ঢুকলে শাস্তি হিসেবে ছাগলটিকে বড় জোর স্থানীয় কোনো খোঁয়াড়ে দেওয়া হয়। কিন্তু পুলিশ, আদালত, গ্রেপ্তার, জামিন!
ভারতের ছত্তিশগড় রাজ্যের কোরিয়া জেলায় একটি ছাগলের ক্ষেত্রে সত্যি সত্যিই এ ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় এক বিচারকের ফুল ও সবজি বাগানে ঢুকে প্রায়ই খেয়ে ফেলত সবজি বা ফুলের গাছ। বার কয়েক এ ঘটনা ঘটার পর ওই ছাগলের নামে মামলা ঠুকে দেন বিচারকের সহকারী। গতকাল সোমবার রাজ্য পুলিশ ছাগলটিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সঙ্গে গ্রেপ্তার করে ছাগলের মালিক আবদুল হাসানকেও। ২৪ ঘণ্টা কারাগারে থাকার পর আজ ছাগলসহ ওই মালিককে আদালতে তোলা হয়। পরে তিনি জামিনের আবেদন করলে ছাগলসহ তাঁকে জামিন দেন আদালত।
ছাগলটির মালিক আবদুল হাসান বলেন, ‘আমার ছাগল ফটক পেরিয়ে ওই বিচারকের ফুল ও সবজি বাগানের ঢুকে ঘাস খাচ্ছিল। এ কারণে পুলিশ আমাকে ধরে নিয়ে এসেছে।’
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ‘এই মামলায় যেহেতু একজন বিচারক জড়িত, এ কারণে এ বিষয়ে ক্যামেরার সামনে আমরা কিছু বলব না। বিচারকের পক্ষ থেকে আমাদের ওপর কোনো চাপও নেই। ওই বিচারকের সহকারী অভিযোগ করায় আমরা ছাগল ও তার মালিককে গ্রেপ্তার করেছিলাম।’
এর আগে গত শুক্রবার মুম্বাইয়ের সিওন এলাকার একটি আবাসিক কলোনিতে চুরির অভিযোগে একটি বানরকে আটক করে স্থানীয়রা। শাস্তি হিসেবে তাঁরা বানরটির দুই হাত পেছনে নিয়ে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখেন। পরে অবশ্য স্থানীয় বন কর্মকর্তাদের মাধ্যমে বানরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন...
চুরির দায়ে বানরের শাস্তি!