ছাত্রদের স্লোগানে বক্তৃতার খেই হারালেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার জেরে ছাত্র বিক্ষোভের মুখে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তেজিত ছাত্রদের বিক্ষুব্ধ স্লোগানে বক্তৃতার খেই হারাতে হলো তাঁকে। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুতই বিক্ষোভকারী ছাত্রদের সরিয়ে নেন। কয়েকজনকে আটকও করা হয়। খবর এনডিটিভির।
উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরে গতকাল শুক্রবার বাবাসাহেব ভীমরাও আম্বেদকার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন মোদি।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার একপর্যায়ে নরেন্দ্র মোদি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যাকারী ছাত্র রোহিত ভেমুলার প্রসঙ্গ টানেন। মোদি বলেন, তিনি রোহিতের পরিবারের যন্ত্রণার বিষয়টি উপলব্ধি করতে পারছেন। তিনি মনে করেন ‘ভারতমাতা’ তার এক সন্তানকে হারিয়েছে। এ সময় অনুষ্ঠানে থাকা কিছু ছাত্র উত্তেজিত হয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন।
ভারতের কেন্দ্রীয় ছাত্র সংগঠনের নেতারা রোহিতের আত্মহত্যার জন্য কেন্দ্রীয় মন্ত্রী বঙ্গারু দত্তত্রেয়কে দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, ওই মন্ত্রীর নির্দেশেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোহিতসহ পাঁচ দলিত ছাত্রের সঙ্গে বর্ণবাদী আচরণ করে এবং শাস্তি দেয়।