ছাত্রী ধর্ষণ ও হত্যা: কলকাতায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে কলকাতা শহর থেকে ২০ কিলোমিটার দূরের কামদুনি গ্রামে কলেজছাত্রীকে গণধর্ষণ ও হত্যা মামলায় আজ শনিবার দোষী সাব্যস্ত ছয় অপরাধীর দণ্ড ঘোষণা করেছেন কলকাতার নগর দায়রা আদালত। রায়ে তিন আসামির মৃত্যুদণ্ড ও তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়। গত বৃহস্পতিবার এই ছয়জনকে দোষী সাব্যস্ত করেন আদালত।

বেকসুর খালাস প্রাপ্ত দুজনের শাস্তির দাবিতে উচ্চ আদালতে আপিল করার উদ্যোগ নিয়েছে নির্যাতিতার পরিবার।
আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে শাস্তি ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন অপরাধী হলেন: আমিন আলী, আনসার আলী এবং সইফুল আলী। আর আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত তিন অপরাধী হলেন: শেখ ইমানুল ইসলাম, ভোলা নস্কর ও আমিনুল ইসলাম। আর বেকসুর খালাস পায় রফিকুল ইসলাম গাজি ও নূর আলী। বিচার চলাকালে গোপাল নস্কর নামের এক অভিযুক্তের মৃত্যু হয়।
২০১৩ সালের ৭ জুন কামদুনি গ্রামের দ্বিতীয় বর্ষের এক কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে সাত দুষ্কৃতকারী। পরে খুন করে লাশ ফেলে রেখে চলে যায়।