বাল্যবিবাহ ঠেকাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ ঠেকাতে পশ্চিমবঙ্গের মালদহ জেলার সীমান্তবর্তী একটি স্কুলে নতুন এক নিয়ম চালু করা হয়েছে। ভর্তির ফরমে ভর্তি-ইচ্ছুক প্রতিটি ছাত্রীর অভিভাবককে বিশেষ মুচলেকা দিতে হবে। শর্তটি হচ্ছে—১৮ বছরের আগে ওই ছাত্রীর বিয়ে দেওয়া হবে না এবং ওই সময় পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাবে।

শুধু তা-ই নয়, বিদ্যালয়ে কোনো ছাত্রী একটানা সাত দিনের বেশি অনুপস্থিত থাকলে জেলা প্রশাসনকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মালদহে অস্বাভাবিকভাবে বাল্যবিবাহ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী হাবিবপুর থানার দাল্লা চন্দ্রমোহন হাইস্কুল কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত নিয়েছে।

স্কুলের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। স্কুল কর্তৃপক্ষের লক্ষ্য, এ উদ্যোগের ফলে বাল্যবিবাহ কমানো যাবে।

মালদহ জেলা সমীক্ষায় দেখা গেছে, ১৮ বছর বয়সের আগেই এই জেলায় ৫০ শতাংশ মেয়েদের বিয়ে হয়ে যায়। গত বছর এই জেলায় ৩৬৭ নাবালিকার বিয়ে হয়। আর এ বছরের অক্টোবর পর্যন্ত সেই নাবালিকা মেয়েদের বিয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১১-তে।

মালদহের চন্দ্রমোহন হাইস্কুলের উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজ্য প্রশাসন ও শিক্ষা বিভাগ। মালদহের উদ্যোগকে রাজ্যের একটি মডেল হিসেবে গ্রহণ করার ব্যবস্থা নিয়েছে।