ছাড়া পেলেন নির্ভয়ার ধর্ষক, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে ২০১২ সালে আলোচিত নির্ভয়া ধর্ষণের ঘটনায় জড়িত কনিষ্ঠ ধর্ষক গতকাল রোববার একটি সংশোধন কেন্দ্র থেকে ছাড়া পেয়েছেন। ধর্ষকের মুক্তির বিষয় চ্যালেঞ্জ করে আইনি লড়াই এবং নির্ভয়ার বাবা-মায়ের প্রতিবাদের মুখেও তাঁকে আদালতের নির্দেশে মুক্তি দেওয়া হয়। খবর বিবিসির।

অপরাধ সংঘটনের সময় ছাড়া পাওয়া এই ধর্ষক নাবালক থাকায় তাঁর নাম প্রকাশ করা হয়নি।

২০১৩ সালে সংশোধনের সুযোগ দিয়ে তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। ধর্ষণের শিকার হওয়ার কয়েক দিনের মধ্যেই মৃত্যুবরণকারী মেয়েটির প্রতীকী নাম দেওয়া হয় নির্ভয়া। তবে মেয়েটির মা আশা দেবী গত সপ্তাহে বলেন, তাঁর মেয়ের আসল নাম জ্যোতি সিং।

ওই ধর্ষণের ঘটনায় কেবল ভারতে নয়, বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। অপরাধ সংঘটনের সময় এই ধর্ষক নাবালক থাকলেও এখন তিনি প্রাপ্তবয়স্ক। তবে তাঁকে কিশোর হিসেবে গণ্য করে সে ক্ষেত্রে তাঁর জন্য সর্বোচ্চ দণ্ডই দেওয়া হয়। এখন তাঁকে একটি দাতব্য সংস্থার কাছে হস্তান্তর করা হবে। নিরাপত্তার অভাবের শঙ্কায় তিনি সেখানে থাকবেন। গতকাল এই ধর্ষকের মুক্তির বিরোধিতা করে দিল্লিতে আয়োজিত বিরাট সমাবেশে নির্ভয়ার বাবা-মা যোগ দেন। রাজনীতিক সুব্রাহ্মনিয়াম স্বামী এই মুক্তির বিরোধিতা করে যে আবেদন করেছিলেন তা আদালতে প্রত্যাখ্যাত হয়। গত শুক্রবার আদালত রুল জারি করে বলেন, ‘আমরা জানি যে এটি একটি মারাত্মক বিষয়। তবে ২০ ডিসেম্বরের পর ওই কিশোরকে আর আটকে রাখা যাবে না।’

গত শনিবার রাতে দিল্লি কমিশন অব উইমেনের প্রধান স্বাতি মালিওয়াল এই মুক্তির বিরোধিতা করে আবেদন করেন সুপ্রিম কোর্টে। আজ সোমবার সে বিষয়ে আদালতে শুনানি হবে।

নির্ভয়ার ঘটনায় মোট ছয় ব্যক্তি গ্রেপ্তার হন। এর মধ্যে ওই কিশোরকে আদালত তিন বছরের জন্য এক শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয় তিহার জেলে। আর অন্য চারজনের মৃত্যুদণ্ডের আদেশ হয়।