ছিটমহল বাসিন্দাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের ভূখণ্ডে থাকা ১৬২টি ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যাওয়া ভারতীয় ছিটমহলবাসীর পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় প্রকল্প তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার। এর আওয়ায় তাদের বাসস্থান, কর্মসংস্থান, সর্বোপরি এলাকার পরিকাঠামো উন্নয়নের বিষয় থাকবে।

পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে এসব প্রকল্পের কথা ভারতের কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছে। বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারকে এসব প্রকল্পের আর্থিক খরচ বহন করতে হবে।
এই ছিটমহলে পরিকাঠামো তৈরি করার জন্য রাজ্য সরকার ১৮০ কোটি রুপির একটি আর্থিক প্রকল্পের কথাও জানিয়েছে কেন্দ্রীয় সরকারকে। এই প্রকল্পের মধ্যে রয়েছে ছিটমহলের রাস্তাঘাট নির্মাণ এবং উন্নয়ন, হাটবাজার, চিকিৎসাকেন্দ্র, স্কুল-কলেজ নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ ইত্যাদি। এ ছাড়া যেসব ছিটমহলবাসী বাংলাদেশ থেকে ভারতে যাবে, তাদের পুনর্বাসনের পাশাপাশি কর্মসংস্থানসহ আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে এই প্রকল্পে।