ছিটমহল বিনিময় বিল সমর্থন করবেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে জানিয়ে দিয়েছেন, তাঁর দল ভারতীয় সংসদের রাজ্যসভা ও লোকসভায় ছিটমহল বিনিময় তথা সীমান্ত চুক্তি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল সমর্থন করবে।

গতকাল বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মমতাকে ফোন করেন। এ সময় মমতা তাঁকে এই আশ্বাস দেন। সুষমা স্বরাজ মমতাকে আশ্বাস দেন, ছিটমহল বিনিময়ের পর যেসব মানুষ পশ্চিমবঙ্গে আসবেন তাদের পুনর্বাসন করতে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি প্যাকেজকে কেন্দ্রীয় সরকার অনুমোদন করবেন। পুনর্বাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে ভারতের কেন্দ্রীয় সরকার। 

দিল্লি সূত্রে জানা গেছে, ৫ মে সংসদে এই বিল পেশ হতে চলেছে। গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সচিবালয় নবান্ন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘ছিটমহলের বাসিন্দাদের জন্য সুসংহত একটি প্যাকেজ তৈরি করেছি আমরা। ছিটমহল বিনিময় হলে প্রায় ৬০ হাজার মানুষকে আমাদের পুনর্বাসন দিতে হবে। তাদের খাওয়া-দাওয়া আর মাথাগোঁজার ব্যবস্থা করতে হবে আমাদের। এসব নিয়েই আজ পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা হয়েছে।’ মমতা জানান, পুনর্বাসন সংক্রান্ত রাজ্য সরকারের প্যাকেজ কেন্দ্রীয় সরকার মানলে তবেই তাঁর দল সংসদের উভয় কক্ষে এই বিল সমর্থন করবে। মমতার এই প্রস্তাব মেনেও নিয়েছে কেন্দ্রীয় সরকার। 

ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হলে বাংলাদেশের ভূখণ্ডে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলের ১৭ হাজার ১৬০.৬০ একর জমি পাবে বাংলাদেশ সরকার। ভারতের ভূখণ্ডে থাকা ৫১টি বাংলাদেশ ছিটমহলের ১১০.০২ একর জমি পাবে ভারত সরকার। যদিও কংগ্রেসের নেতৃত্বে গড়া সাবেক ইউপিএ সরকারের আমলে এই ছিটমহল বিনিময়ের লক্ষ্যে সংবিধান সংশোধনী বিল সংসদে পেশ করার উদ্যোগ নিলেও সেদিন তৃণমূল কংগ্রেস এবং আসামের বিজেপি এই বিলের বিরোধিতা করেছিল। এতে ইউপিএর আমলে আর এই বিল পাস করানো সম্ভব হয়নি।