ছিটমহলের জনগণনা শেষ
শেষ হলো ভারত ও বাংলাদেশের ভেতরে থাকা ১৬২টি ছিটমহলের জনগণনা। আগামী ২০ জুলাই প্রকাশিত হবে এর চূড়ান্ত ফলাফল। এই জনগণনায় ৯৯ দশমিক ৬৫ শতাংশ ছিটমহলবাসী অংশ নিয়েছেন বলে জানালেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত।
আজ বৃহস্পতিবার বিকেলে এই জনগণনা শেষ হওয়ার পর দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে জানান, বিকেল পর্যন্ত পাওয়া তথ্যে তিনি জানতে পেরেছেন, ভারতের ভেতরে থাকা ৫১টি ছিটমহলের ১৪ হাজার ২১৫ জন বাংলাদেশির মধ্যে কেউই বাংলাদেশে ফিরে যেতে আবেদন করেননি। অন্যদিকে বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলের ৩৭ হাজার ৩৬৯ জন ছিটমহলবাসীর মধ্যে মাত্র ১ হাজার ১৬৭ জন ভারতে ফিরতে চেয়েছেন। যদিও কংগ্রেসের প্রবীণ নেতা ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য জনগণনার সময়সীমা বাড়াতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আবেদন করেছিলেন। কিন্তু তাতে সায় দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার।
চলতি মাসের ৬ তারিখ এ জনগণনার কাজ শুরু হয়। এ কাজে অংশ নেয় উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে গড়া ৭৫টি যৌথ কমিটি। এর মধ্যে ২৫টি যৌথ কমিটি কাজ করে ভারতের ভেতরে থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহলে। বাকি ৫০টি কাজ করে বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলে।
এই জনগণনার পর আগামী ৩১ জুলাই মধ্যরাতে উভয় দেশের ১৬২টি ছিটমহল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর¯করা হবে। এর ফলে ভারতের ভেতরে থাকা বাংলাদেশি ছিটমহলের মালিকানা চলে আসবে ভারত সরকারের হাতে। অন্যদিকে বাংলাদেশের ভেতরে থাকা ভারতীয় ছিটমহলের মালিকানা স্বত্ব চলে যাবে বাংলাদেশ সরকারের হাতে।