ছেলে অখিলেশকে বহিষ্কার করলেন মুলায়ম
ভারতের সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব তাঁর ছেলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন।
রাজ্যের নির্বাচনের প্রাক্কালে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানান মুলায়ম। একই সঙ্গে নিজের জ্ঞাতি ভাই ও দলের জ্যেষ্ঠ নেতা রাম গোপাল যাদবকে দ্বিতীয়বারের মতো বহিষ্কার করেছেন তিনি। উভয়ের ক্ষেত্রেই কারণ হিসেবে ‘দলকে দুর্বল করার’ কথা জানিয়েছেন মুলায়ম।
নিজের ছেলেকে বহিষ্কারের ঘোষণা দিতে গিয়ে মুলায়ম সিং বলেন, ‘অখিলেশকে আমি মুখ্যমন্ত্রী বানিয়েছি। কিন্তু সে এখন আমার সঙ্গেও পরামর্শ করে না।’ তিনি বলেন, ‘দলকে বাঁচানোর’ জন্যই অখিলেশকে বহিষ্কার করা হয়েছে।
যেকোনো দিন উত্তর প্রদেশের নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। সবার দৃষ্টি এখন অখিলেশের ডাকা আগামী রোববারের দলীয় সভার দিকে। রাম গোপালের মাধ্যমে এ সভা ডাকা হয়েছে। দলীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সমাজবাদী পার্টির ২২৪ জন আইনপ্রণেতার ৮০ শতাংশই অখিলেশকে সমর্থন জানাতে পারেন।
দলের নিয়ন্ত্রণ নিয়ে অখিলেশ ও তাঁর চাচা শিবপাল যাদবের মধ্যকার দ্বন্দ্ব থেকে সমাজবাদী পার্টিতে ভাঙনের সূচনা হয়েছে।