ছেলেকে উত্তরাধিকারী করতে পারবেন না ইমাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির বিখ্যাত জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারির সহকারী ও উত্তরাধিকারী হিসেবে তাঁর ছেলেকে নিয়োগ করার কোনো আইনগত ভিত্তি নেই। তিনটি রিট আবেদনের ভিত্তিতে আজ শুক্রবার দিল্লির হাইকোর্ট এই রুল জারি করেন। তবে আদালত নায়েবে ইমাম নিয়োগে কাল শনিবার অনুষ্ঠেয় দাস্তারবন্দী অনুষ্ঠান স্থগিত করার ব্যাপারে কোনো নির্দেশ দেননি।

ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, জামে মসজিদের শাহি ইমাম আহমেদ বুখারির ১৯ বছর বয়সী ছেলেকে তাঁর উত্তরাধিকারী ও নায়েবে ইমাম (ইমামের সহকারী) হিসেবে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে তিনটি আবেদন করা হয়। আবেদনে শনিবারের ওই অনুষ্ঠান স্থগিত করার অনুরোধ জানানো হয়।
প্রধান বিচারপতি জি রোহিনী ও আর এস এন্ডল’র সমন্বয়ে গড়া হাইকোর্টের বেঞ্চ এ ব্যাপারে বলেন, ওই অনুষ্ঠান আইনগতভাবে বৈধ নয় এবং ইমামের পক্ষে তা ন্যায়সংগত বিশেষ কোনো সুবিধাও দেবে না। হাইকোর্ট ছেলেকে উত্তরাধিকারী হিসেবে নিয়োগে ইমামের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রুল জারি করেন এবং এ ব্যাপারে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডকে কারণ দর্শানোর নোটিশ দেন।