ভারতের দিল্লির হাইকোর্ট বলেছেন, নিজের ছেলেকে ইমাম পদের উত্তরাধিকারী করার অধিকার দিল্লির জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারির নেই। গতকাল শুক্রবার আদালত এ অভিমত দিয়ে এমন সিদ্ধান্তের বিষয়ে বুখারির কাছে ব্যাখ্যাও চেয়েছেন। খবর এনডিটিভির।
১৯ বছর বয়সী ছেলে সহকারী ইমামকে আজ শনিবারই এক অনুষ্ঠানের মাধ্যমে নিজের শাহি ইমাম পদের উত্তরাধিকারী মনোনীত করার কথা ছিল বুখারির। তবে আদালত বলেছেন, তাঁর এই পদক্ষেপের ‘কোনো আইনগত পবিত্রতা’ নেই। অবশ্য অনুষ্ঠান বাতিল করার নির্দেশ দেওয়া হয়নি। আদালত আগামী ২৮ জানুয়ারির মধ্যে ইমাম বুখারিকে তাঁর পদক্ষেপের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।
দিল্লির জামে মসজিদ সপ্তদশ শতাব্দীতে নির্মাণ করেন তখনকার মুঘল সম্রাট শাহজাহান। এর পর থেকে প্রায় ৪০০ বছর ধরে ঐতিহ্যগতভাবে মসজিদটির তত্ত্বাবধানে রয়েছে বুখারি পরিবার।
জামে মসজিদ দিল্লির ওয়াকফ বোর্ডের সম্পত্তি, এমন দাবি তুলে এ পর্যন্ত অনেকগুলো জনস্বার্থ মামলা করে ইমাম বুখারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হয়েছে। ওয়াকফ বোর্ড দিল্লির মুসলমানদের ধর্মীয় সম্পত্তিগুলোর তত্ত্বাবধান করে থাকে। তাই ইমাম বুখারি জামে মসজিদের বিষয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না বলে দাবি করেছেন মামলাগুলোর বাদীরা।
বর্তমান ইমাম গত জাতীয় নির্বাচনে কংগ্রেস দলকে সমর্থন দেন। তিনি গত মাসে ছেলেকে নিজের উত্তরাধিকারী করার বিষয়ে ঘোষণা দিলে নতুন এক বিতর্ক শুরু হয়।