ছোট যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেল দলবীর সিং
জেনারেল দলবীর সিং

ভারতের সেনাবাহিনীর প্রধান দলবীর সিং ‘ছোটমাত্রায় যুদ্ধের জন্য’ প্রস্তুত থাকতে তাঁর দেশের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন দলবীর সিং। এ সময় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার সেখানে উপস্থিত ছিলেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
সেনাবাহিনীর প্রধান দলবীর সিং বলেন, ভারতের পশ্চিমের প্রতিবেশী রাষ্ট্রের (পাকিস্তান) পক্ষ থেকে একের পর এক যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ এবং বেআইনি অনুপ্রবেশ চলমান থাকায় নতুন এই যুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে।
দলবীর বলেন, ‘খুব সংক্ষিপ্ত নোটিশে ভবিষ্যতে একটি ছোট যুদ্ধের জন্য আমরা পূর্ণমাত্রায় সজাগ রয়েছি। এর জন্য উচ্চপর্যায়ে প্রস্তুতি রয়েছে। আমাদের কৌশলের একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি।’
প্রতিবেশী পাকিস্তানকে ইঙ্গিত করে দলবীর বলেন, জম্মু ও কাশ্মীরকে অস্থিতিশীল করতে নতুন ধরনের কৌশল প্রয়োগ করা হচ্ছে।
ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের যুদ্ধের উল্লেখ করে দলবীর বলেন, ওই যুদ্ধ প্রচলিত অনেক ধ্যানধারণা ভেঙে দিয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রকাশ ছিল ওই যুদ্ধ।
সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের সীমান্তে কয়েকটি বড় সংঘর্ষে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত আগস্ট মাসে ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তির ৫৫টি লঙ্ঘনের ঘটনা ঘটে। গত আট মাসে এমন লঙ্ঘনের ঘটনা ঘটেছে ২৫৩ বার। এর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ১৯২ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে ভারত। অপরদিকে পাকিস্তান ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ৬৩ বার চুক্তি ভঙ্গের অভিযোগ করে।
সম্প্রতি কাশ্মীরের জম্মুতে দুই দফায় পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী জঙ্গি ধরে ফেলার দাবি করে ভারত। গত ২৭ জুলাই ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুরে সন্ত্রাসীদের হামলায় জেলার পুলিশ সুপারসহ ১০ জন নিহত হয়। ভারতের দাবি ওই হামলাকারীরা জম্মু-কাশ্মীরের সীমানা পেরিয়ে সে দেশে প্রবেশ করেছিল বলে প্রমাণ মিলেছে।
দলবীর সিং সাম্প্রতিক সময়ের সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে বলেন, সন্ত্রাসীদের পরিসর আরও বড় হচ্ছে, এসব হামলা তাই প্রমাণ করে।
এদিকে প্রতিবেশী দুই দেশের সীমান্তে নতুন করে উত্তেজনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের প্রতি শান্তির আহ্বান জানিয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার এই আহ্বান জানিয়ে বলেন, ‘কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তির জন্যই দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থান দরকার।’