
পরপর দুবার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ, তাও মাত্র ছয় দিনের ব্যবধানে! একজন নারী পর্বতারোহীর জন্য এটা নতুন রেকর্ড। ভারতীয় অভিযাত্রী আনশু জামসেনপা গত রোববার এই সাফল্য অর্জন করেছেন। এক মৌসুমে আর কোনো নারী এত দ্রুত দুবার এভারেস্টে চড়েননি।
৩৭ বছর বয়সী আনশু ১৬ মে ২৯ হাজার ২৮ ফুট উঁচু ওই চূড়ায় পৌঁছান। তারপর সমতলে নেমে এসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে আবার একই অভিযাত্রা শুরু করেন। ২১ মে তিনি আবার এভারেস্টে আরোহণ করেন। নেপালের পর্যটন কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুই সন্তানের জননী আনশু এবারের অভিযাত্রা শুরুর আগে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার আশীর্বাদ নেন। তিনি যে রেকর্ড গড়লেন, সেটা এত দিন নেপালি নারী চুরিম শেরপার দখলে ছিল।
আনশু সব মিলিয়ে পাঁচবার এভারেস্টে আরোহণ করেছেন। তিনি ২০১৪ সালেও এই অভিযাত্রা করতে চেয়েছিলেন। কিন্তু তুষারধসে ১৬ জন নেপালি গাইড নিহত হওয়ায় ওই মৌসুমে কর্তৃপক্ষ পর্বতারোহণ বাতিল করেছিল। পরের বছরও আনশু একই চেষ্টা করতে গিয়ে বিফল হন। কারণ, তখন ভয়াবহ ভূমিকম্পে নেপালে ব্যাপক ধস নেমে এসেছিল।
নেপালি পর্বতারোহী লাখপা শেরপা গত সপ্তাহে নিজের পুরোনো রেকর্ড ভেঙে একজন নারী হিসেবে সর্বোচ্চ আটবার এভারেস্টের চূড়ায় পৌঁছানোর কৃতিত্ব দেখিয়েছেন। চলতি মৌসুমে অন্তত ১২০ জন সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন।