ছয় মাসে ৪৩ শিশু আবর্জনার পাত্রে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সদ্যোজাত কন্যাশিশুরা চরম অবহেলার শিকার হচ্ছে। এমনকি নবজাতক শিশুদের আবর্জনার পাত্রসহ নানা জায়গায় গোপনে ফেলে দেওয়াও হচ্ছে।

আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, দেশটির তেলেঙ্গানা প্রদেশের হায়দরাবাদে গত ছয় মাসেই ৪৩ জন নবজাতক শিশুকে ফেলে দেওয়া হয়েছে।

তেলেঙ্গানা স্টেট চাইল্ড রাইটস প্রোটেকশন ফোরাম (টিএসসিআরপিএফ) বলছে, গত ছয় মাসে হায়দরাবাদের আবর্জনার পাত্র, মন্দির ও হাসপাতালে ফেলে দেওয়া অবস্থায় ৪৩ জন নবজাতক শিশু পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ফোরামের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ফেলে দেওয়া ৪৩ জন শিশুর মধ্যে ৩৯ জন কন্যাশিশু। আর চারজন ছেলেশিশু। গত বছর প্রায় এ ধরনের ৫০টি শিশু পাওয়া গিয়েছিল। চলতি বছর এই সংখ্যা আরও বাড়তে পারে। আরও ভয়াবহ ব্যাপার হলো, এ বছর মৃত শিশুও উদ্ধার করা হয়েছে।

টিএসসিআরপিএফ বলছে, এখানকার অধিকাংশ পরিবারের মানুষ দরিদ্র শ্রেণির। তাঁরা পার্শ্ববর্তী প্রদেশ থেকে এসেছেন। তাঁরাই মূলত নবজাতক শিশুদের এমন চরম অবহেলায় ফেল দিচ্ছেন। ফেলে দেওয়া শিশুদের মধ্যে ৯০ শতাংশই কন্যাসন্তান। এদের মধ্যে যেসব শিশুকে জীবিত উদ্ধার করা হচ্ছে, তাদের শিশু বিহার বা শিশুগৃহে পাঠানো হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে হায়দরাবাদের নারী ও শিশুকল্যাণ দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গত বছর থেকে এখন পর্যন্ত এ ধরনের জীবিত উদ্ধার করা ৬০ জন শিশুকে সরকারি শিশুগৃহে রাখা হয়েছে। তাদের দত্তক নিতে অনেকেই আবেদন করেছেন। উদ্ধার হওয়া শিশুদের তুলনায় দত্তক নিতে চাওয়া পরিবারের সংখ্যা বেশ কম।

টিএসসিআরপিএফের উপদেষ্টা বর্ষা ভার্গাবি বলেন, একমাত্র লৈঙ্গিক সমতাই এই প্রবণতা কমাতে পারে। কারণ, মেয়েকে বিয়ে দিতে পরিবারকে মোটা অঙ্কের যৌতুকের চিন্তা করতে হয়। এ থেকেই কন্যাশিশুদের ফেলে দেওয়ার ঘটনা ঘটছে। রাজ্যের নালগোন্দা ও সাঙ্গারেড্ডি জেলার এই প্রবণতার হার সবচেয়ে বেশি।

অধিকারকর্মীরা বলছেন, এ ঘটনার জন্য রাজ্য সরকারই দায়ী। কারণ, রাজ্য সরকার এ ব্যাপারে তেমন জনসচেতনতা সৃষ্টি করতে পারেনি। কোনো পরিবার বা মা যদি নবজাতক শিশুকে রাখতে না চান, তাহলে ওই শিশুটিকে ফেলে না দিয়ে কাউকে দত্তক দিতে সচেতনতা সৃষ্টি করতে হবে।