ছয় মাসেও পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাব লোকসভায় সংসদে পেশ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ভারতের লোকসভায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করা হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের উদ্যোগ নেন। এরপর গত বছরের ২ আগস্ট পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ এবং ইংরেজিতে ‘বেঙ্গল’ রাখার প্রস্তাব গৃহীত হয়। ২৯ আগস্ট পশ্চিমবঙ্গ বিধানসভায়ও রাজ্যের নাম’ বাংলা’ রাখার প্রস্তাব গৃহীত হয়। এরপর এই প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকার তা পাঠিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

কেন্দ্রীয় সরকার নাম পরিবর্তনের প্রস্তাবটি লোকসভায় পেশ না করায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি ÿবলেছেন, ‘আমি মুখ্য সচিবকে বলেছি, কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে চিঠি দিতে। ওরা কি করতে চায় তা স্পষ্ট জানাক। অনেক দিন হয়ে গেল। যদি আপত্তিও থাকে তাহলেও জানিয়ে দিক। কিন্তু এভাবে পাস হওয়া বিল ফেলে রাখা কেন?’