জঙ্গি সম্পৃক্ততা আছে কি না জানাবে দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদাকাণ্ডের টাকা পাচার ও বর্ধমান বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশি জঙ্গি সংগঠনের যোগাযোগ আদৌ আছে কি না কিংবা থাকলে কতটা, সে বিষয়ে যাবতীয় তথ্য যত শিগগির সম্ভব বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে। আগামী মাসে কাঠমান্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের আগেই এ তথ্য বাংলাদেশকে দেওয়ার চেষ্টা চলছে।
ওই আসরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একবার বৈঠক হবে। দুই নেতার শেষ কথা হয়েছিল নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনের আসরে।
সারদা কেলেঙ্কারির বহু টাকা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ হয়ে অন্যত্র পাচার হয়েছে, এমন অভিযোগ উঠেছে। এর চেয়েও মারাত্মক অভিযোগ হলো, এই কেলেঙ্কারির কোনো কোনো কুশীলবের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সাহচর্য রয়েছে। এই অভিযোগের কথা জানাজানি হওয়ার পরপরই ঘটে যায় বর্ধমান বিস্ফোরণ।
এ ঘটনার পরই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে বিষয়টি উত্থাপন করে। ভারতও তাদের জানায়, সংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছ থেকে তথ্য নিয়ে বাংলাদেশকে জানানো হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এখনো বিস্তারিত প্রতিবেদন মেলেনি। চেষ্টা চলছে নভেম্বরে সার্ক শীর্ষ সম্মেলনের আগেই সেই প্রতিবেদন বাংলাদেশের হাতে তুলে দেওয়ার।
বর্ধমান বিস্ফোরণের তদন্তের দায়িত্ব সম্প্রতি হাতে নিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। প্রাথমিকভাবে তারা বাংলাদেশি ওই জঙ্গি সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পেয়েছে। সারদা কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব বহু টালবাহানার পর হাতে নিয়েছে সিবিআই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে গতকাল বৃহস্পতিবার জানা গেছে, দুটি ঘটনা আলাদা হলেও বাংলাদেশ একটা ‘কমন লিংক’ কি না, বিশেষ করে জিএমবি-সংস্রব কতটা আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশকে ভারত আগেই জানিয়ে দিয়েছে, ভারতের জমিকে বাংলাদেশবিরোধী কোনো কাজে ব্যবহৃত হতে দেবে না। বাংলাদেশও ভারতকে জানিয়েছে, তদন্তের স্বার্থে তারাও ভারতকে সাহায্য করতে প্রস্তুত। এই পরিপ্রেক্ষিতে বিশেষ করে জঙ্গি-সংস্রব নিয়ে দুই দেশ তথ্য বিনিময়ের ওপর জোর দিচ্ছে। ভারত আবার জোর দিয়েছে বেআইনিভাবে চলে আসা বাংলাদেশি নাগরিকদের ঠেকাতে। সে জন্য সীমান্ত নিরাপত্তারক্ষী বাহিনীকে (বিএসএফ) বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সিবিআই সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে সারদার টাকা জেএমবি মারফত পাচার হওয়ার বা বাংলাদেশ-বিরোধিতায় কাজে লাগানোর প্রমাণ তাদের হাতে আসেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, সারদা এবং বিস্ফোরণের মধ্যে একটা ‘কমন লিংক’ কি না কিংবা হলে সেই জাল কতটা বিস্তৃত, তা নিশ্চিত করতে আরও সময় দরকার।
বর্ধমান বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে অবশ্য এখনই কিছু কিছু আশঙ্কাজনক তথ্য তদন্তকারীরা পেয়েছেন। যেমন বেআইনি মাদ্রাসায় জঙ্গি শিক্ষাদান। পশ্চিমবঙ্গের বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও আসামের বরপেটায় এমন বেশ কয়েকটি অননুমোদিত মাদ্রাসার খোঁজ পাওয়া গেছে, যেখানে অন্তত দেড় শজনকে অস্ত্রশিক্ষাও পর্যন্ত দেওয়া হয়েছে। বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং তাদের কাজকর্মে নজর রাখার প্রয়োজনীয়তার পরামর্শ সীমান্তবর্তী রাজ্যগুলোকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই দিয়েছে। বিস্ফোরণের পর ফের নতুন করে সেই প্রয়োজনীয়তার কথা রাজ্যগুলোকে জানানো হয়েছে। ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর দুই ধারেই এই প্রবণতা বেশ কয়েক বছর হলো বেড়েছে বলে তদন্তকারী সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।