জঙ্গি হুমকিতে উত্তপ্ত হচ্ছে আসাম

ভারতের আসাম রাজ্যে হিন্দু বাঙালি আর অসমীয়াদের মধ্যে শুরু হয়েছে বিবৃতির যুদ্ধ। উভয় পক্ষের জঙ্গি সংগঠনগুলোও মেতে উঠেছে হুমকি আর পাল্টা হুমকিতে। ফলে উত্তেজনা বেড়েই চলছে।
ভারতে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি মেনে নাগরিকত্ব সংশোধন বিল ২০১৬ জাতীয় সংসদের বিবেচনাধীন। এই বিলে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অনুপ্রবেশকারী হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, শিখ ও জৈন সম্প্রদায়ের বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ভারতেও নাগরিকত্ব দেওয়া হবে।
কিন্তু অসমীয়া সংগঠনগুলো এটা মানতে নারাজ। এমনকি কংগ্রেস বা সিপিএমের মতো অবিজেপি রাজনৈতিক দলগুলোও ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দিতে নারাজ।
ইন্দিরা-মুজিব চুক্তি মেনে ১৯৭১ সালের ২৪ মার্চকেই ভিত্তি বছর ধরার দাবিতেই অটল তারা। ১৯৮৫ সালের ১৫ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে স্বাক্ষরিত ভারত সরকারের আসাম চুক্তিতেও ভিত্তি বছর এ দিনটেকেই ধরা হয়েছে। অসমীয়ারা এ চুক্তির বাইরে অন্যকিছু ভাবতে নারাজ।
মঙ্গলবার নাগরিকত্ব সংশোধন বিল প্রত্যাহারের দাবিতে আসামে ৬০ টিরও বেশি অসমীয়া সংগঠন ১২ ঘণ্টার হরতাল পালন করে। সরকারের শরিক দল আসাম গণপরিষদ জোট ছেড়ে বেরিয়ে আসার হুমকি দিয়েছে।
গণতান্ত্রিক এই প্রক্রিয়ার পাশাপাশি অসমীয়া জঙ্গি সংগঠন উলফার আলোচনাপন্থীরা ফের হাতে অস্ত্র তুলে নেওয়ার হুমকি দিয়েছেন। উলফার স্বঘোষিত কমান্ডার মৃণাল হাজারিকা বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলে, ‘প্রয়োজনে ফের অস্ত্র হাতে তুলে নেব। ফিরিয়ে আনব’ ৮৩ সালের সেই রক্তক্ষয়ী সংগ্রামের দিন।’
হিন্দু বাঙালিরাও জোটবদ্ধ হচ্ছেন। ১৭ নভেম্বর গুয়াহাটিতে ২৬টি হিন্দু বাঙালি সংগঠন একজোট হওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। রাজ্য সরকার অবশ্য তাদের অনুমতি দেয়নি।

বাঙালিদের এই কর্মসূচি প্রসঙ্গে মৃণাল বলেন, ‘আমরা গুয়াহাটিতে প্রতিরোধ গড়ে তুলব। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বাঙালিদের এই অবস্থান বন্ধ করতে হবে।'
এর পাল্টা হিসেবে আলোচনাপন্থী বাঙালি জঙ্গি সংগঠন এনএলএফবির চেয়ারম্যান দীপক কর্মকার পাল্টা হুমকি দেন। মুঠোফোনে তিনি বলেন, ‘অসমীয়া জঙ্গিরা যদি অস্ত্র হাতে তোলে আমরাও বাধ্য হব পাল্টা অস্ত্র হাতে তুলতে। নিজেদের অধিকার আদায়ে আমরাও পিছপা হব না।’
পূজার আগে গুয়াহাটিতে বিস্ফোরণ ঘটিয়ে বাঙালিদের উলফার স্বঘোষিত কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়ার হুমকিরও কড়া জবাব দিয়েছেন দীপক। তিনি বলেন, ‘উলফা এ ধরনের কাজ চালালে আমরাও পাল্টা হামলা করব।’
সংগঠনটি হিন্দু বাঙালিদের হলেও দীপকের দাবি, বাঙালি মুসলিমদের স্বার্থ রক্ষায়ও তারা কাজ করছে।
তবে ধর্মের ভিত্তিতে বাঙালিদের এ ধরনের কর্মসূচিকে সমর্থন জানাতে নারাজ আসাম রাজ্য নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতির চেয়ারম্যান তথা আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্য। প্রথম আলোকে তিনি বলেন, ‘বাঙালি বাঙালিই। জাতপাতের ভিত্তিতে এ ধরনের কর্মসূচি আমাদের পক্ষে ক্ষতিকারক। অসমীয়া আধিপত্যবাদীরাই এতে উপকৃত হবে।’
১৩ নভেম্বর আসামে বাঙালিদের ওপর সরকারি বিদ্বেষ এবং এনআরসি নিয়ে হয়রানির প্রতিবাদে শিলচরে প্রতিবাদ সভারও আয়োজন করেছেন বরাক উপত্যকার বাঙালি বুদ্ধিজীবীরা।