জনগণের কাছে তথ্য চেয়েছেন তদন্তকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশের ব্যাংকে ভারতীয়দের রাখা কালোটাকার হিসাব তদন্তে গঠিত বিশেষ তদন্ত দল (এসআইটি) ভারতীয় জনগণের কাছে তথ্য চেয়েছে। গত বুধবার ভারত সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিদেশি ব্যাংকে থাকা কালোটাকার ৬২৭টি হিসাবের তালিকা আদালতে জমা দেয়। এখন এসআইটি বলছে, ওই ৬২৭ জনের বাইরেও কালোটাকার কোনো মালিক থাকলে তাঁদের বিরুদ্ধেও তদন্ত হবে। খবর এনডিটিভির।
সুপ্রিম কোর্টের নির্দেশে সাবেক বিচারপতি এম বি শাহকে চেয়ারম্যান করে এসআইটি গঠন করা হয়। এই তদন্ত দল আগামী ৩১ মার্চের মধ্যে ৬২৭ হিসাবের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দেবে সুপ্রিম কোর্টের কাছে। এসআইটির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বলা হয়, ‘কালোটাকা-সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য থাকলে জনগণ আমাদের জানাতে পারে। আমরা তাদের দেওয়া তথ্য তদন্ত করে দেখব। কাউকে ছাড় দেব না।’
এসআইটির ভাইস চেয়ারম্যান বিচারপতি এ পাসাইয়াত জানিয়েছেন, জনগণের কাছ থেকে তথ্য পেতে একটি ই-মেইল ঠিকানা জানানো হবে। এতে লোকে তাঁদের কাছে থাকা তথ্য দিতে পারবেন।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসআইটির চেয়ারম্যান এম বি শাহ বলেছেন, ‘এখন শুধু ৬২৭ জনের বিষয়ে আমরা তদন্ত করছি। তবে এর বাইরে আরও নাম আছে। সেগুলোও তদন্ত করব।’ আগামী ৩১ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে শাহ দৃঢ়প্রতিজ্ঞ।
বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে ৬২৭ জনের তালিকা দেওয়া হয়েছে তাতে হোমরাচোমরা লোকজনের নাম নেই। তবে শাহ বলছেন, ‘বড় রুই-কাতলারা পার পাবে না। কে বড় কে ছোট সেটি আমাদের বিচার্য বিষয় নয়।’
কালোটাকার মালিকদের নাম প্রকাশ করার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে গত সোমবার ভারত সরকার সুপ্রিম কোর্টে আটটি হিসাবধারীর নাম জমা দেয়। তাদের নামও প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্ট সরকারের এই আচরণে ক্ষুব্ধ হয়ে মুখবন্ধ খামে পুরো তালিকা চান।
প্রকাশিত হওয়া আটটি নামের মধ্যে গোয়ার খনি ব্যবসায়ী প্রতিষ্ঠান টিমলো কোম্পানি লিমিটেড এবং এর ব্যবস্থাপনা পরিচালক রাধা টিমলোসহ ওই পরিবারের পাঁচজনের নাম ছিল। এনডিটিভির তদন্তে দেখা গেছে, এই প্রতিষ্ঠান অবৈধভাবে হংকংয়ে দুটি হিসাব খুলেছিল। এই অপরাধে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া টিমলো কোম্পানিকে তিন কোটি ৩৭ লাখ রুপি জরিমানাও করেছিল।