জনতা পরিবার জিতলে নিতীশই মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যে বিজেপিকে হারিয়ে জনতা পরিবার ক্ষমতায় এলে নিতীশ কুমারই হবেন জোট সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী। গতকাল সোমবার রাজধানী নয়াদিল্লিতে জনতা পরিবারের শীর্ষ নেতা মুলায়ম সিং যাদবের বাড়িতে এ সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা লালুপ্রসাদের উপস্থিতিতে মুলায়ম এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এর ফলে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে চলা দীর্ঘ টানাপোড়েন আপাতত শেষ হলো। যদিও আরজেডির সবাই এ সিদ্ধান্ত মেনে নেবেন কি না, সে সংশয় থেকেই যাচ্ছে।
বিহার বিধানসভার ভোট এ বছরের অক্টোবর মাসে। সেই ভোটে বিজেপিকে রুখতে জনতা দল (সংযুক্ত) ও আরজেডি একজোট হয়েছে। কংগ্রেসও সেই জোটকে সমর্থন করবে। বিজেপি-বিরোধিতায় সবাই একমত হলেও মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে লালুপ্রসাদ ও নিতীশ কুমারের দলের সবাই একমত হতে পারছিলেন না। অবশেষে সোমবার সেই বিরোধের অবসান ঘটল। লালুপ্রসাদ সংবাদমাধ্যমকে জানান, ‘বিষয়টি আমরা মুলায়ম সিংয়ের ওপরেই ছেড়ে দিয়েছিলাম। নিতীশের নাম মুলায়মই ঠিক করেন। আমরা তা মেনে নিয়েছি। নিতীশই হবেন মুখ্যমন্ত্রী।’
মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সংশয়ের অবসান ঘটলেও ২৪৩ আসনবিশিষ্ট বিধানসভায় প্রধান এই দুই দল কে কত আসনে লড়বে, তা এখনো অমীমাংসিত। নিতীশ জানিয়েছেন, আজ মঙ্গলবার আরজেডি ও জেডির (ইউ) নেতারা আসন সমঝোতা নিয়ে আলোচনায় বসবেন। নিতীশ গত রোববার জোট ও আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। লালু জানিয়েছেন, তিনি জোট ও ভোট নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলবেন।