জনপ্রতিনিধি হওয়ার শর্ত শৌচাগার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ নির্বাচনে দাঁড়াতে চাইলে তাঁর নিজের বাড়িতে অবশ্যই স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকতে হবে। এমন বাধ্যবাধকতা রেখে একটি আইন করেছে ভারতের গুজরাট সরকার। গত সোমবার রাজ্য বিধানসভায় এ-সংক্রান্ত আইন পাস হয়। খবর এএফপির।
উন্মুক্ত স্থানে মলত্যাগের বদভ্যাস বন্ধ করতেই এই নতুন আইন তৈরি হলো। জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রায় অর্ধেক মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে। স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা না থাকায় দেশটির বিভিন্ন বয়সের ৩০ কোটি নারী খোলা জায়গায় মলত্যাগে বাধ্য হয়। এতে তারা যৌন নিগ্রহের ঝুঁকির মধ্যেও থাকে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের পদক্ষেপ হিসেবে জনপ্রতিনিধিদের শৌচাগার রাখার বিষয়ে এই কঠোর আইন তৈরি হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মস্থান গুজরাট থেকে। আইন অনুযায়ী এখনকার যেসব স্থানীয় জনপ্রতিনিধির বাড়িতে শৌচাগার নেই, তাঁদের অবশ্যই আগামী ছয় মাসের মধ্যে তা তৈরির প্রতিশ্রুতি দিতে হবে। এর ব্যত্যয় হলে তাঁদের অযোগ্য ঘোষণা করা হবে।