জনমতের প্রতিফলন চায় বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্যপাল এন এন ভোরার সঙ্গে দেখা করে জম্মু-কাশ্মীরের বিজেপি নেতৃত্ব সরকার গঠনে তাদের অবস্থান স্পষ্ট করল। নতুন বছরের প্রথম দিনে জম্মুতে রাজ্যপালকে তাঁরা বলেন, রাজ্যের মানুষ কী চান, ভোটের ফলেই তা স্পষ্ট। সরকার গঠনে মানুষের সেই মনোভাব ও চাহিদার প্রতিফলন ঘটা প্রয়োজন।
বিজেপি নেতৃত্ব প্রকারান্তরে রাজ্যপালকে বোঝাতে চেয়েছেন, রাজ্যের মানুষের পছন্দ পিডিপি ও বিজেপি। অতএব সরকার গঠনের সময় এই চাহিদার প্রাধান্য পাওয়া উচিত। জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি যুগল কিশোর, সিনিয়র নেতা বলি ভগতদের নেতৃত্বে এক প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনে তাদের এই অবস্থান ব্যাখ্যা করে।
গত বুধবার পিডিপির নেত্রী মেহবুবা মুফতি রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠন নিয়ে কথা বলেন। আলোচনার পর সাংবাদিকদের তিনি যা বলেন, তার নানা রকম ব্যাখ্যা হলেও বিজেপি নেতৃত্ব খুশি। তাঁরা মনে করছেন, বাস্তবিক পরিস্থিতি বুঝে পিডিপি নেতৃত্ব বিজেপির সঙ্গে জোট বাঁধার দিকেই এগোচ্ছেন। অটল বিহারি বাজপেয়ির নীতির উল্লেখ করে মেহবুবা তারই ইঙ্গিত দিয়েছেন। শুধু তাই নয়, বিজেপি নেতৃত্ব মনে করছে, ইউপিএ সরকারের সমালোচনা করেও মেহবুবা বুঝিয়ে দিয়েছেন, বিজেপির সঙ্গে জোটবদ্ধতাই বিচক্ষণতার কাজ হবে।
এটা ঠিক যে, উপত্যকার মানুষজনের মধ্যে বিজেপি সম্পর্কে একটা আড়ষ্টতা আছে। এত প্রচার সত্ত্বেও উপত্যকায় বিজেপি একটি আসনও জিততে পারেনি। বিজেপির সঙ্গে পিডিপি যাতে জোট না বাঁধে, সে জন্য শ্রীনগরে পিডিপির একাংশ বিক্ষোভ মিছিলও বের করেছে। এই আড়ষ্টতার কারণেই পিডিপি নেতৃত্ব যেমন মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নে সমঝোতায় আগ্রহী নন, তেমনই বিজেপি নেতৃত্বও এখনই এই বিষয়টিকে আলোচনার স্তরে তুলে আনতে রাজি নন। সাংবাদিকদের তাঁরা বলেছেন, আলোচনা এখনো শুরু হয়নি। ফলে এই বিষয়টি নিয়ে জল্পনারও অবকাশ এখনো নেই।