জনমুক্তি মোর্চা থেকে বহিষ্কার বিমল গুরুং

গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরিসহ দলের ১৩ নেতাকে বহিষ্কার করেছে। গতকাল সোমবার এই দুজনসহ দলের ১৩ নেতাকে বিদ্রোহী নেতা বিনয় তামাংয়ের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় কমিটির বৈঠকে বহিষ্কার করা হয়।
নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিনয় তামাং। সাধারণ সম্পাদক করা হয় আরেক বিদ্রোহী নেতা অনিত থাপাকে।
আত্মগোপন করে থাকা বিমল গুরুংয়ের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিকরি এবং বিচারপতি অশোক ভূষণের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত বিমল গুরুংকে গ্রেপ্তার না করার আদেশ দেন। এই মামলার শুনানির আগে সব পক্ষকে নোটিশ প্রদানেরও নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। দুই সপ্তাহ পর পরবর্তী শুনানি হবে।
বিমল গুরুংয়ের বিরুদ্ধে একাধিক খুনসহ বিভিন্ন মামলা দায়ের করে পশ্চিমবঙ্গ সরকার। এর পরিপ্রেক্ষিতে আত্মগোপনে রয়েছেন বিমল গুরুং। এ ছাড়া রোশন গিরিসহ তাঁদের সমর্থকদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে। গতকাল কেন্দ্রীয় কমিটির বৈঠকে বলা হয়, বিমল গুরুং, দলের সাধারণ সম্পাদক রোশন গিরিসহ ১৩ নেতাকে আগামী ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার দার্জিলিংয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বৈঠকে দার্জিলিং পরিস্থিতির সমাধান সূত্র নিয়ে আলোচনা হবে।
দার্জিলিংয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে ১০৭ দিন একটানা বন্ধের পর গত ২৭ সেপ্টেম্বর বন্ধ্ প্রত্যাহার করে নেয় গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। এর আগে জনমুক্তি মোর্চার বিদ্রোহী নেতা বিনয় তামাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বন্ধ্ প্রত্যাহার করেন। বিনয় তামাংকে দার্জিলিংয়ের স্বশাসিত সংস্থা জিটিএর চেয়ারম্যান নিযুক্ত করেন মুখ্যমন্ত্রী। আর এর ফলেই সুবিধা পেয়ে যান বিনয় তামাং।
প্রসঙ্গত, ১৯৮০ সালে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি নিয়ে প্রথম আন্দোলন শুরু করেন জিএনএলএফ বা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের নেতা সুভাষ ঘিসিং। পরে ১৯৮৮ সালের ২২ আগস্ট রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতায় গড়া হয় পৃথক স্বশাসিত সংস্থা দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ। তার চেয়ারম্যান করা হয় সুভাস ঘিসিংকে। এই পরিষদের কাউন্সিলর ছিলেন বিমল গুরুং। একসময় সুভাষ ঘিসিংয়ের সঙ্গে বিমল গুরুংয়ের মতবিরোধ দেখা দিলে ২০০৭ সালের ৭ অক্টোবর বিমল গুরুং গড়েন গোর্খা জনমুক্তি মোর্চা। এরপর জনমুক্তি মোর্চা পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে অশান্ত করে তোলে দার্জিলিং। এই আন্দোলন থামাতে মুখ্যমন্ত্রী মমতার ডাকে সাড়া দিয়ে ২০১১ সালের ১৮ জুলাই গড়েন জিটিএ। এর চেয়ারম্যান হন বিমল গুরুং আর কাউন্সিলর হন বিনয় তামাং।