জনমুখী কর্মসূচিতে মমতার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে গত সরকারের গৃহীত জনমুখী কর্মসূচির ওপর এবারও জোর দেবেন বলে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার টাউন হলে প্রথম প্রশাসনিক বৈঠকে এ কথা জানিয়ে সব দপ্তরকে সমান গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।
সরকারের সাফল্য বর্ণনা করতে গিয়ে বৈঠকে মমতা বলেন, গত ২০১৫-১৬ অর্থবছরে রাজ্যের পরিকল্পনা খাতে বাজেট বরাদ্দ ছিল ৪৯ হাজার ৫০৭ কোটি রুপি। কিন্তু সেই সীমা ডিঙিয়ে ৫৩ হাজার ১০ কোটি রুপি খরচ হয়েছে। তিনি দাবি করেন, গত বিশ বছরে পশ্চিমবঙ্গে এভাবে পরিকল্পনা খাতের বরাদ্দ ছাপিয়ে কাজ হয়নি। ২০১১ সালের তুলনায় এই কয়েক বছরে পরিকল্পনা খাতে রাজ্যের ব্যয় চার গুণ বেড়েছে। ২০১১-১২ অর্থবছরে খরচ হয়েছিল ১৪ হাজার কোটি রুপি। চলতি অর্থবছরে অঙ্কটা ৫৩ হাজার কোটি রুপির বেশি।
মমতা সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, পানীয় জল, রাস্তা তৈরি, দুই রুপি দরে চাল, কন্যাশ্রী, যুবশ্রীর মতো জনমুখী প্রকল্পগুলোই মমতার বিপুল বিজয়ের অন্যতম চাবিকাঠি বলে মনে করছে সরকার। আর তাই এবারও উন্নয়নের কর্মসূচিতে এই প্রকল্পগুলোকেই অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রীর প্রথম প্রশাসনিক বৈঠকের কড়া সমালোচনা করেছেন বিরোধীরা।