জন্মদিনে মায়ের আশীর্বাদ নিতে গেলেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ ৬৪তম জন্মদিন। এ দিনটি উপলক্ষে গ্রামের বাড়িতে মা হিরা বেনের সঙ্গে গল্প করছেন নরেন্দ্র মো​দি। গুজরাটের তথ্য ব্যুরোর কাছ থেকে পাওয়া ছবিটি গান্ধীনগরে নরেন্দ্র মোদির মায়ের বাড়ি থেকে তোলা। ছবি: এএফপি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ ৬৪তম জন্মদিন। এ দিনটি উপলক্ষে গ্রামের বাড়িতে মা হিরা বেনের সঙ্গে গল্প করছেন নরেন্দ্র মো​দি। গুজরাটের তথ্য ব্যুরোর কাছ থেকে পাওয়া ছবিটি গান্ধীনগরে নরেন্দ্র মোদির মায়ের বাড়ি থেকে তোলা। ছবি: এএফপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ। দিনের প্রথম প্রহরেই মায়ের আশীর্বাদ নিতে ছুটে গেছেন গান্ধীনগরে। প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া প্রটোকলের তোয়াক্কা না করে একাই ২৩ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে মায়ের কাছে পৌঁছান তিনি। আজ ১৭ সেপ্টেম্বর মোদির ৬৪ বছর পূর্ণ হলো।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, জন্মদিনে উপহার হিসেবে জম্মু ও কাশ্মীরে বন্যাদুর্গত মানুষের জন্য মোদি মা হেরাবেনের কাছ থেকে পেয়েছেন ৫ হাজার রুপি।

এনডিটিভি জানায়, মাকে প্রণাম করে আশীর্বাদ নেন মোদি। এ সময় মা-ছেলে একান্তে ১৫ মিনিট কাটান। ছেলেকে মিষ্টিমুখ করান ৯৫ বছর বয়সী মা । মোদির পরনে ছিল গেরুয়া রঙের কুর্তা ও সাদা পায়জামা।

জন্মদিন উপলক্ষে মায়ের কাছে যাওয়ার মধ্য দিয়ে মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার গুজরাটে গেলেন।

এদিকে নরেন্দ্র মোদিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। এ ছাড়াও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আমি প্রার্থনা করছি ঈশ্বরের আপনাকে সুস্থভাবে আরও অনেক অনেক দিন বাঁচিয়ে রাখুক, যাতে আপনি এই জাতিকে সেবা দিয়ে যেতে পারেন।’

মোদির জন্মদিন উপলক্ষে সবরমতি নদীর তীরে আয়োজন করা হয়েছে বিশেষ নৈশভোজের। গুজরাট সফরের মধ্য দিয়ে ভারত সফর শুরু করা চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের ওই নৈশভোজে উপস্থিত থাকার কথা। সেই ভোজে থাকবে গুজরাটের ঐতিহ্যবাহী ‘খামান ধোকলা’সহ নানা ধরনের সুস্বাদু খাবার।

খাবার পরিবেশনের আগে দুই প্রধানমন্ত্রীই নদীর তীরে ঘুরে বেড়াবেন।