জন্মস্থানে কালামের মরদেহ, দাফন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিলনাড়ুতে শ্রদ্ধার্ঘ্য
তামিলনাড়ুতে শ্রদ্ধার্ঘ্য

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালামের মরদ­েহ গতকাল বুধবার তাঁর জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতে যোগ দেবেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
রাজধানী নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে গতকাল সকালে ‘জনতার রাষ্ট্রপতি’ খ্যাত আবদুল কালামের মরদেহ নিয়ে বিমানবাহিনীর উড়োজাহাজ তামিলনাড়ু রওনা হয়। এর আগে বিমানবন্দরে তিন বাহিনীর পক্ষ থেকে এই ‘ভারতরত্ন’ খেতাবজয়ীকে নিবেদন করা হয় শেষ শ্রদ্ধা। পরে তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দর থেকে তাঁর মরদেহ হেলিকপ্টারে করে নেওয়া হয় রামেশ্বরমে।
বিকেলে রামেশ্বরম শহরের বাসস্ট্যান্ডের কাছে খোলা মাঠে সাবেক রাষ্ট্রপতির মরদেহ রাখা হয়। সেখানে শিক্ষার্থীসহ হাজারো মানুষ ‘ভারতের মিসাইলম্যানের’ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনন্যসাধারণ মানুষটিকে শেষবারের মতো একনজর দেখার জন্য বাসস্ট্যান্ড থেকে গ্রামের বাড়ি নেওয়ার পথের দুই ধারে দাঁড়িয়ে থাকেন আরও হাজারো মানুষ।
ভারতের পরমাণু কর্মসূচির পথিকৃৎ ৮৪ বছর বয়সী এ পি জে আবদুল কালাম গত সোমবার সন্ধ্যায় মেঘালয়ের রাজধানী শিলংয়ে বক্তৃতা করার সময় হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আবদুল কালাম চিরকুমার ছিলেন।
মঙ্গলবার সকালে সামরিক বাহিনীর বিশেষ বিমানে শিলং থেকে নয়াদিল্লিতে নেওয়া হয় কালামের মরদেহ। বিমানবন্দরেই তাঁকে
শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার ও প্রতিরক্ষা বাহিনীর
তিন প্রধান। প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সেখানে তাঁকে দেওয়া হয় গার্ড অব অনার। পরে চোখের জলে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন লোকজন।