জবাইয়ের উদ্দেশ্যে গরু-মহিষ কেনাবেচা যাবে না—ভারতের কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা গতকাল সোমবার বলেন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবে তাঁর সরকার। মোদি সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে গরু বিক্রি নিয়ে সম্প্রতি এক নির্দেশিকায় কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রণালয় বলেছে, কৃষিকাজের প্রয়োজন ছাড়া দেশের কোনো পশুহাট থেকে গবাদিপশু কেনাবেচা করা যাবে না।
তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বলেন, ভারতীয় সংবিধানের ২৪৬ অনুচ্ছেদ অনুযায়ী অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্য বিধানসভার। আইনের ব্যত্যয় ঘটিয়ে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হবে। তিনি রাজ্যের বিষয়ে ‘নাক না গলাতে’ কেন্দ্রকে অনুরোধ করেন।
এদিকে প্রতিবাদ হিসেবে জনসমক্ষে ষাঁড় জবাই করায় কেরালা রাজ্যের কান্নুর এলাকায় গত রোববার কংগ্রেসের তিন তরুণ কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর নিন্দা জানিয়ে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী টুইটে বলেন, ‘কেরালায় যা ঘটেছে তা অবিবেচনাপ্রসূত, অগ্রহণযোগ্য। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’ পুলিশ কংগ্রেসের এক নেতা ও দুই কর্মীর বিরুদ্ধে মামলা করেছে।