জমি বিল নিয়ে অনড় বিরোধীরা, কয়লা-খনি নিয়ে সুরাহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি বিল ভারতের লোকসভায় পাস হলেও রাজ্যসভায় তা পাস হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই বিলের বিরোধিতা করতে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতির কাছে দরবারের সিদ্ধান্ত নিয়েছে। সে জন্য তৃণমূল কংগ্রেস সব বিরোধীদলকে অনুরোধ জানিয়েছে।

জমি বিলের বিরোধিতার মতো এত তীব্র অবশ্য নয় কয়লা ও খনি বিল। এই বিল দুটি পাস করানোর একটা উপায়ও বুধবার বের হয়েছে। প্রধানত তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই এই বিল দুটি রাজ্যসভার সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। কমিটির সুপারিশ সাতদিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে চলতি মাসের ২০ তারিখের মধ্যে সেগুলি পাস করানো যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন যে কিছুটা নরম, কয়লা ও খনি বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্তই তার প্রমাণ। বিমা বিলও রাজ্যসভায় পাস হওয়ার সম্ভাবনা প্রবল।
কাল বৃহস্পতিবার রাজ্যসভায় বিমা বিল আসছে। তৃণমূল কংগ্রেস ও বামেরা বিলের বিরোধিতায় হুইপ জারি করলেও কংগ্রেস তা করছে না। তারা হয় বিলের পক্ষে ভোট দেবে নতুবা ওয়াক আউট করবে। বিমা বিল নিয়ে কংগ্রেসে তেমন একটা আপত্তি অবশ্য কোনো দিন ছিল না। তাদের বিরোধিতা ছিল বিরোধী ঐক্যের স্বার্থে।
জমি বিল নিয়ে রাজ্যসভায় বিরোধীরা অবশ্য এখনো একজোট। যদিও শেষ পর্যন্ত কংগ্রেস কী করবে তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। রাজ্যসভায় কংগ্রেসের নেতা গুলাম নবী আজাদ অবশ্য এই বিল নিয়ে অন্য কোনো সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কংগ্রেস কৃষির ক্ষতি করে শিল্প আনার বিরুদ্ধে। তৃণমূল নেত্রী মমতা বুধবার দিল্লি থেকে কলকাতা ফেরার আগে দলকে নির্দেশ দেন, জমি বিল নিয়ে বিরোধীদের একজোট করে যেন রাষ্ট্রপতির কাছে দরবার করা হয়। সে জন্য দলের পক্ষ থেকে অন্য বিরোধী দলগুলোকে অনুরোধ করা হয়েছে। বিরোধীদের নেতৃত্ব দেওয়ার কথা সংযুক্ত জনতা দলের শরদ যাদবের। তৃণমূল কংগ্রেসের ডাকে বামেদের না যাওয়ার সম্ভাবনা ঠেকাতেই এই ব্যবস্থা।