জমে উঠেছে মমতার নির্বাচনী প্রচার অভিযান
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারের নিরিখে এখনো এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ভারতের নির্বাচন কমিশন গত ৪ মার্চ নির্বাচনী তফসিল ঘোষণার দিনই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচনের ময়দানে নেমে পড়েছে। সেই তুলনায় পিছিয়ে বাম-কংগ্রেস জোট।
এদিকে তৃণমূল কংগ্রেস প্রচারের শীর্ষে থেকে প্রতিদিনই একহাত নিচ্ছে বাম-কংগ্রেস জোটকে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, বাম এবং কংগ্রেস জোট হওয়ায় মমতার আসন যে কমবে সেটা উপলব্ধি করতে পেরেই এখন মাঠে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এখন আক্রমণের লক্ষ্য কংগ্রেস-বামজোট। মমতার নির্বাচনী প্রচারের প্রধান লক্ষ্য হচ্ছে বাম-কংগ্রেস জোটকে নাস্তানাবুদ করা।
আজ বৃহস্পতিবার মমতা পশ্চিমবঙ্গের কংগ্রেসের ঘাঁটি মুর্শিদাবাদে এক নির্বাচনী জনসভায় কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস-বামজোটকে। তিনি বলেছেন, কোনো জোট পরাস্ত করতে পারবে না তৃণমূলকে। তৃণমূল একা লড়েই ছিনিয়ে আনবে বিজয়। মমতা বলেন, কংগ্রেস বা বাম দলের এখন আর শক্তি নেই একা লড়াই করার, তাই তারা এক অনৈতিক জোট করেছে।
এর আগে গতকাল বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় মালদহে এক নির্বাচনী জনসভায় বলেছেন, ২০১৬ নয় আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও জিতবে তৃণমূল কংগ্রেস। কারণ, এই রাজ্যে তৃণমূলের কোনো বিকল্প নেই। তৃণমূলের বিকল্প তৃণমূলই। তাই এবারও বিধানসভা নির্বাচনে তারা জিতবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও জিতবে। শুধু তাই নয় ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও জিতবে তৃণমূল।
অন্যদিকে বাম ও কংগ্রেস জোটের নেতৃবৃন্দ বলেছেন, এবারের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলে তৃণমূলের জেতার পথ থাকবে না। জিতবে বাম-কংগ্রেস জোটই।