জমেনি ত্রিপুরা বাণিজ্য মেলা, হতাশ বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিপুরায় চলছে আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা
ত্রিপুরায় চলছে আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা

ভারতের ত্রিপুরা রাজ্যে ভোটের কারণে এবার অনেকটাই বিষণ্ন আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা। প্রতিবারের মতো এবারও মেলার মূল আকর্ষণ বাংলাদেশ। ভোটের কারণে এবার জমছে না মেলা। হতাশ বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিরা।

আন্তর্জাতিক ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা এবার ২৮ বছরে পা দিল। প্রতি বছর ২৮ জানুয়ারি শুরু হয় শিল্প ও বাণিজ্য মেলা। কিন্তু আদর্শ আচরণ বিধি চালু হওয়ায় মেলা পিছিয়ে দেওয়া হয়। শুরু হয় ২০ ফেব্রুয়ারি। শেষ হচ্ছে শুক্রবার।

গতবারের মেলায় ৫০ টিরও বেশি বাংলাদেশি স্টল এসেছিল। এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ২১ টিতে।

ত্রিপুরা সরকারের শিল্প দপ্তরের অধিকর্তারা প্রথম আলোকে জানান, প্রথম দিকে অর্ধশতাধিক বাংলাদেশি সংস্থা আসতে চাইলেও দেরি হওয়াতেই তাঁরা অনেকে আসেননি।

মেলায় জামদানি শাড়ি, মেলামাইন, পাট বস্ত্র প্রভৃতির সম্ভার চোখে পড়ে। বাংলাদেশি সংস্থা প্রাণ-আরএফএল-এর বিশাল শো রুমের পাশাপাশি এবার ক্রাউন সিমেন্টও মেলাতে তাঁদের স্টল সাজিয়েছে। ত্রিপুরায় বাংলাদেশের ক্রাউন সিমেন্টই অন্যতম প্রধান ব্রান্ড।

ত্রিপুরায় চলছে আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা
ত্রিপুরায় চলছে আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা

ত্রিপুরার সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী পবিত্র কর প্রথম আলোর কাছে স্বীকার করেন, ভোটের কারণে মেলা পিছিয়ে যাওয়ায় এবার নেতিবাচক প্রভাব পড়েছে। সে কারণেই বাংলাদেশি অনেক সংস্থা আসতে পারেনি বলেও তিনি জানিয়েছেন।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি সংস্থাগুলো জানিয়েছে, এবার বিক্রিবাট্টা অনেক কম। তা ছাড়া পণ্য আনার ক্ষেত্রে সীমান্তে ভারতীয় শুল্ক দপ্তরে তাঁদের হয়রানির শিকার হতে হয়। তবে কেউই তাঁদের নাম বা সংস্থার পরিচয় জানিয়ে বিতর্ক বাড়াতে চাননি।