জম্মু ও কাশ্মীরে সেনা কর্মকর্তাসহ নিহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল ও পুলিশের একজন সহকারী উপপরিদর্শকসহ আটজন নিরাপত্তারক্ষী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে কাশ্মীরের উত্তরাঞ্চলীয় বারামুল্লা জেলার উরি সেক্টরের ৩২-ফিল্ড রেজিমেন্টে এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ‘বন্দুকযুদ্ধে’ তিন হামলাকারীও নিহত হয়েছে।
অনুপ্রবেশকারী ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেওয়া একজন সেনা কর্মকর্তা জানান, আজ ভোররাত তিনটার দিকে সন্ত্রাসীরা ওই ক্যাম্পে হামলা চালায়।
কর্মকর্তার দাবি, হামলাকারীদের সঠিক সংখ্যা জানা যায়নি। তারা পাকিস্তান থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
ওই সেনা কর্মকর্তার দাবি, নিহত তিন সেনার সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়কালে ওই লেফটেন্যান্ট কর্নেল নিহত হন। এ সময় তিন হামলাকারীও নিহত হয়।