জম্মু-কাশ্মীর ও ঝাড়খন্ডের ভোটগণনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুথফেরত জরিপে স্পষ্ট ইঙ্গিত ছিল ঝাড়খন্ডে বিজেপি একার ক্ষমতায় সরকার গড়বে এবং জম্মু-কাশ্মীরে এগিয়ে থাকবে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। দুই রাজ্যের ভোটগণনার গতি-প্রকৃতি এখন পর্যন্ত যা, তাতে ঝাড়খন্ডে বিজেপি সরকার গড়ার একেবারে কাছে চলে এলেও জম্মু ও কাশ্মীরে তাদের প্রথম হিন্দু মুখ্যমন্ত্রীর স্বপ্ন অধরা থেকে যাচ্ছে।

ঝাড়খন্ড বিধানসভার মোট আসন ৮১। বেলা একটা পর্যন্ত ভোটের ফল ও এগিয়ে থাকার হিসাবে বিজেপি ওই রাজ্যে ৪০টি আসনে জিততে চলেছে। সরকার গড়ার জন্য তাদের প্রয়োজন অন্তত ৪১টি আসন। ওই রাজ্যে ঝাড়খন্ড মুক্তি মোর্চা এগিয়ে রয়েছে ১৮টি আসনে, ঝাড়খন্ড বিকাশ মোর্চা ও কংগ্রেস সাতটি করে আসনে।
জম্মু-কাশ্মীরে মোট আসন ৮৭। এই রাজ্য দখলের জন্য বিজেপির স্লোগান ছিল ‘মিশন ৪৪+’। বেলা একটা পর্যন্ত গণনার যা ছবি, তাতে কোনো দলই সরকার গঠনের ধারেকাছেও পৌঁছতে পারছে না। একক গরিষ্ঠ দল হিসেবে এগিয়ে রয়েছে পিডিপি। ৩২টি আসন তারা পেতে চলেছে। বিজেপি এযাবৎ​ সেরা ফল করে ২৫টির মতো আসন পেতে চলেছে। এতগুলো আসন পেলেও বিজেপি উপত্যকায় একটি আসনও জিততে পারেনি। শাসক ন্যাশনাল কনফারেন্স (এনসি) ১৩টি আসনে এগিয়ে। কিন্তু যে দলটিকে মনে করা হচ্ছিল একেবারে ধুয়েমুছে যাবে, সেই কংগ্রেস ১১টি আসন পেতে চলেছে। বলতে গেলে কংগ্রেসই বিজেপির পাকা ধানে মই দিয়েছে। বিজেপির লক্ষ্য ছিল অন্তত ৩০টি আসন জেতার।
জম্মু-কাশ্মীরে সরকার গঠনের প্রশ্নটি কিন্তু এখনো অমীমাংসিত থাকছে। সরকার গঠনে বিজেপি-কংগ্রেস এবং পিডিপি-এনসির হাত মেলানোর প্রশ্ন নেই। নিশ্চিতভাবে এ কথা বলা গেলেও স্থায়ী সরকার গঠনে কোন কোন দল হাত মেলাবে, তা এখনো নিশ্চিত নয়। পিডিপি-কংগ্রেস জোট স্থায়ী সরকার দিতে পারে, তার চেয়েও স্থায়ী সরকার হতে পারে পিডিপি-বিজেপি হাত মিলিয়ে সরকার গড়লে। পিডিপি এবং এনসি দুই দলই কংগ্রেস ও বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অতীতে সরকার গড়েছে। দুজনের কাছেই এই দুই সর্বভারতীয় দল অচ্ছ্যুৎ নয়।
প্রশ্ন হলো, পিডিপি এবার কী করবে। অটল বিহারি বাজপেয়ির বিজেপি ও নরেন্দ্র মোদির বিজেপির মধ্যে একটা ফারাক রয়েছে। মোদির হাত ধরা উপত্যকার মুসলমান কতটা সমর্থন করবে, সেটা একটা বড় প্রশ্ন। তা ছাড়া, বিজেপির সঙ্গে জোট বাঁধলে তিন বছর পর তাদের হিন্দু মুখ্যমন্ত্রীর দাবিকে মেনে নেওয়া পিডিপির পক্ষে সম্ভব হবে কি? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। পিডিপি এবং বিজেপি দুই দলই আগামী কাল সরকার গঠন নিয়ে বৈঠকে বসছে।
কংগ্রেসের কাছে এই সম্ভাব্য ফল মন্দের ভালো। পিডিপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ে তারা বিজেপিকে দূরে রাখতে অবশ্যই পছন্দ করবে। দলের নেতা রাজীব শুক্ল বলেছেন, বিজেপিকে রুখতে তাঁরা বদ্ধপরিকর।