জম্মু-কাশ্মীর বিধানসভা উত্তাল, মুফতি দিল্লিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জম্মু-কাশ্মীরের সরকারের বয়স মাত্র পাঁচ সপ্তাহ, কিন্তু এর মধ্যেই তুলকালাম শুরু হয়ে গেল সরকারের দুই শরিক বিজেপি ও পিডিপির মধ্যে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সাঈদ আজ মঙ্গলবার দিল্লি এসে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। মুফতি-কন্যা মেহবুবা মুফতিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য করা হবে বলে শোনা যাচ্ছে।

গতকাল সোমবার উপত্যকায় পরপর কয়েকটি সন্ত্রাসী হামলা হয়। বারামুলা জেলার পাট্টান এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ অফিসার আহত হওয়ার চার ঘণ্টার মধ্যে সোপিয়ান জেলার আশিপোরায় সন্ত্রাসবাদী হামলায় তিন পুলিশ কর্মী প্রাণ হারান। এই পুলিশ দল একটি ঘটনার তদন্তে ওই গ্রামে গিয়েছিলেন। তাঁরা নিরস্ত্র ছিলেন।
মঙ্গলবার জম্মুতে বিধানসভার অধিবেশনের শুরুতেই বিজেপি সদস্যরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা পোস্টার হাতে সভার ওয়েলে নেমে আসেন এবং দাবি জানাতে থাকেন, অবিলম্বে পাকিস্তানের ভূমিকার নিন্দা করে একটি প্রস্তাব গ্রহণ করতে হবে। বিজেপি সদস্যদের আরও দাবি, রাজ্যের কোনো অংশ থেকেই সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফসপা) প্রত্যাহার করা যাবে না। বিজেপি সদস্যদের হাতের পোস্টারে লেখা, ‘আফসপা প্রত্যাহার চলবে না’, ‘পাকিস্তান হায় হায়’। স্পিকারের কাছে তাঁদের দাবি, ভারতে বহু দিন ধরেই পাকিস্তান সন্ত্রাসী কাজকর্মে মদদ দিচ্ছে। রাষ্ট্রীয় মদদে চলা এই সন্ত্রাসের কড়া নিন্দা করে একটি প্রস্তাব নেওয়া প্রয়োজন।
পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণের চেয়েও বিজেপি বেশি সরব ছিল আফসপা প্রত্যাহার না করানোর দাবিতে। সরকার গড়তে জোটবদ্ধ হতে প্রধানত যে দুই বিষয় নিয়ে বিজেপি-পিডিপির টানাপড়েন চলছিল, সেগুলির একটি হলো আফসপা, অন্যটি ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার বিলুপ্তি, যে ধারা জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছে। পিডিপি আফসপা প্রত্যাহারের পক্ষে, বিজেপি তার বিরোধী। শেষ পর্যন্ত বোঝাপড়ায় ঠিক হয়েছিল, ৩৭০ ধারা আপাতত অপরিবর্তিত থাকবে এবং শান্ত এলাকা থেকে আফসপা পর্যায়ক্রমে তুলে নেওয়ার চেষ্টা হবে। সোমবার মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সাঈদও বিধানসভায় এক লিখিত প্রশ্নের জবাবে সরকারের সেই অঙ্গীকারের কথা জানিয়েছিলেন। তিন পুলিশ কর্মীর মৃত্যুও হয় ওই দিনেই। মঙ্গলবার বিক্ষোভের পর বিজেপি নেতা রবীন্দ্র রায়না বলেন, উপত্যকার পরিস্থিতি এখনো গুরুতর। কোনোভাবেই রাজ্যের কোনো এলাকা থেকে আফসপা তুলে নেওয়া ঠিক হবে না।
নীতি, আদর্শ এবং কর্মসূচির ক্ষেত্রে বিজেপি ও পিডিপির মধ্যে কোনো মিলই নেই। তবুও সরকার গড়ার অমোঘ তাগিদ দুই দলকে কাছাকাছি আনে। দুই দলের নির্বাচিত বিধায়কেরা ক্ষমতার কাছে এসেও ক্ষমতার বাইরে থাকতে চাইছিলেন না। বিজেপির সঙ্গে হাত মেলানোর প্রশ্নে পিডিপির সমর্থকদের মধ্যেও অসন্তোষ ছিল। সরকার গঠনের পর থেকেই বিভিন্ন প্রশ্নে দুই দলের সংঘাত প্রকাশ্যে আসতে শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও দুই দলের শীর্ষ নেতারা চাইছেন জোট অক্ষুণ্ন রাখতে। মুখ্যমন্ত্রীর কন্যা মেহবুবাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়ার বিষয়টিও শাসক জোটকে জোরদার করার লক্ষ্যে। প্রধানত সেই কারণেই মুফতির দিল্লি আসা। বিধানসভা চলাকালীন মুখ্যমন্ত্রীর রাজ্য ছেড়ে দিল্লি আসায় তাঁকে কটাক্ষ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।