জম্মু-কাশ্মীরে বিজেপির মিশন অধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুথ-ফেরত জরিপে স্পষ্ট ইঙ্গিত ছিল, ঝাড়খন্ডে বিজেপি একা সরকার গড়বে। আর জম্মু-কাশ্মীরে এগিয়ে থাকবে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। দিনের শেষে দুই রাজ্যের ভোট গণনার গতি-প্রকৃতি অনুযায়ী, ঝাড়খন্ডে সরকার গড়ার প্রয়োজনীয় সমর্থন বিজেপি আদায় করলেও জম্মু-কাশ্মীরে তাদের ‘মিশন ৪৪+’ অধরা থেকে গেল। সেই সঙ্গে ভেঙে গেল সেই রাজ্যে একজন হিন্দুকে প্রথম মুখ্যমন্ত্রী করার স্বপ্ন।
ঝাড়খন্ড বিধানসভার মোট আসন ৮১। সন্ধ্যা পর্যন্ত ভোটের ফল ও এগিয়ে থাকার হিসাবে বিজেপি ও তার সহযোগীরা (এজেএসইউ ও রামবিলাস পাসোয়ানের এলজেপি) ওই রাজ্যে ৪২টি আসন জিততে চলেছে। সরকার গড়ার জন্য তাদের প্রয়োজন অন্তত ৪১ আসন। ওই রাজ্যে ঝাড়খন্ড মুক্তি মোর্চা পেতে চলেছে ১৯টি আসন, ঝাড়খন্ড বিকাশ মোর্চা ও কংগ্রেস সাতটি করে। ১৪ বছর আগে নতুন এই রাজ্য গঠনের পর থেকে একবারের জন্যও কোনো দল নিজেদের শক্তিতে সরকার গড়তে পারেনি। সেই নিরিখে এবারের ফল নিঃসন্দেহে বিজেপির পক্ষে স্বস্তির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে শ্লাঘার। মোদি-হাওয়া যে এখনো প্রবল, ঝাড়খন্ড তার প্রমাণ।
জম্মু-কাশ্মীরের মোট আসন ৮৭। এই রাজ্য দখলের জন্য বিজেপির স্লোগান ছিল ‘মিশন ৪৪+’। গণনার শুরু থেকে শেষ পর্যন্ত যা ছবি, তাতে কোনো দলই একক ক্ষমতায় সরকার গঠনের ধারেকাছেও পৌঁছাতে পারছে না। একক গরিষ্ঠ দল হিসেবে এগিয়ে রয়েছে পিডিপি, ২৮টি আসন তারা পেতে চলেছে। বিজেপি এযাবৎ সেরা ফল করে (২০০৮ সালে পেয়েছিল ১১টি) পাচ্ছে ২৫টি আসন। আসনসংখ্যা দ্বিগুণের বেশি হলেও বিজেপি কিন্তু উপত্যকায় একটি আসনও জিততে পারল না। এমনকি লাদাখেও নয়। জম্মুর মোট ৩৭ আসনের মধ্যে তারা ২৫টি জিতল। শাসক ন্যাশনাল কনফারেন্স (এনসি) ১৫টি আসনে এগিয়ে। কিন্তু যে দলটিকে মনে করা হচ্ছিল একেবারে ধুয়ে-মুছে যাবে, সেই কংগ্রেস ১২টি আসন পেতে চলেছে এবং কংগ্রেসই একমাত্র দল, যারা এই রাজ্যের তিন অঞ্চলেই (জম্মু, কাশ্মীর ও লাদাখ) জিতেছে।
জম্মু-কাশ্মীরে সরকার গঠনের প্রশ্ন ঘিরে এই মুহূর্তে উত্তেজনা চরমে। সরকার গঠনের প্রথম ডাক অবশ্যই পাবে পিডিপি। তারাই একক গরিষ্ঠ দল হতে চলেছে। কী করবে তারা? একমাত্র বিজেপির হাত ধরলে সরকার স্থিতিশীল হতে পারে। কংগ্রেস ও স্বতন্ত্রদের সাহায্যে সরকার গঠন করা সম্ভব, কিন্তু তা হবে কাঁটায় কাঁটায়। তৃতীয় সম্ভাবনা পিডিপি ও এনসির মিলিত সরকার। কিন্তু রাজ্যে দুই দলের সম্পর্ক যা, তাতে দুই যুযুধান দলের কাছাকাছি আসা কঠিন। এই অসাধ্য সাধনের একমাত্র অনুঘটক হতে পারত বিজেপিবিরোধিতা। কিন্তু পিডিপি ও এনসি কারও কাছেই বিজেপি অচ্ছুত ছিল না। দুই দলই অতীতে অটল বিহারি বাজপেয়ির বিজেপির হাত ধরেছে, কংগ্রেসেরও।
অবশ্য অটল বিহারি বাজপেয়ির বিজেপি ও নরেন্দ্র মোদির বিজেপির মধ্যে একটা ফারাক রয়েছে। মোদির হাত ধরা উপত্যকার মুসলমান কতটা সমর্থন করবে, সেটা একটা বড় প্রশ্ন। তা ছাড়া বিজেপির সঙ্গে জোট বাঁধলে তিন বছর পর তাদের হিন্দু মুখ্যমন্ত্রীর দাবি মানতে হবে কি না, সেটাও একটা বড় বিষয়। বিজেপি তেমন দাবি করলে তা মেনে নেওয়া পিডিপির পক্ষে সম্ভব হবে কি? বিশেষত উপত্যকার মুসলমান যখন বিজেপিকে প্রত্যাখ্যান করেছে? এ প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। অবশ্য বিজেপিও বেজায় আগ্রহী। সরকারে এসে কংগ্রেসমুক্ত ভারত গড়ার সম্ভাবনা তাদের সামনে। এ কারণেই তারা নির্বাচনী প্রচারে একবারের জন্যও ৩৭০ ধারা বিলোপ ও অভিন্ন দেওয়ানি বিধির কথা উচ্চারণ করেনি।
এ পরিস্থিতিতে সাবেক মুখ্যমন্ত্রী এনসি নেতা ওমর আবদুল্লা বলেছেন, পিডিপি ও বিজেপি কারও জন্যই তাঁর দরজা পুরোপুরি বন্ধ নয়। তবে বিজেপির সঙ্গে হাত মেলানো ‘প্রায় অসম্ভব’। বিজেপির সভাপতি অমিত শাহ আবার বলেছেন, বিজেপি সব সম্ভাবনাই খুলে রেখেছে। কংগ্রেসের কাছে এই সম্ভাব্য ফল মন্দের ভালো। পিডিপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ে তারা বিজেপিকে দূরে রাখতে অবশ্যই পছন্দ করবে। দলের নেতা রাজীব শুক্লা বলেছেন, বিজেপিকে রুখতে তাঁরা বদ্ধপরিকর। পিডিপির নেত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন, এনসি ও কংগ্রেসকে রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাঁরা চেষ্টা করবেন স্থায়ী ও বিশ্বাযোগ্য সরকার উপহার দিতে।
আজ বুধবার দুই প্রধান দল বিজেপি ও পিডিপি সরকার গড়ার উদ্যোগে বৈঠকে বসছে। বিজেপির সংসদীয় বোর্ড দুটি বিষয়ে সিদ্ধান্ত নেবে। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী কে হবেন এবং জম্মু-কাশ্মীরে সরকার গঠনের কৌশল কী হবে। পিডিপি ঠিক করবে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। এনসি অপেক্ষায় থাকবে তাদের দিকে বিজেপি বা পিডিপি হাত বাড়ায় কি না।