জম্মু-কাশ্মীরে হামলা, সেনা-পুলিশ-জঙ্গিসহ নিহত ২০
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলায় আট সেনা ও পুলিশের তিন সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল থেকে কাশ্মীরে চার দফায় এ হামলা হয়। গোলাগুলিতে হামলাকারী সাতজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ ও সেনা সূত্রে জানা গেছে।
কর্মকর্তারা বলেছেন, লস্কর–ই–তাইয়েবার একজন শীর্ষ কমান্ডারসহ সাত জঙ্গি এবং একজন সাধারণ নাগরিক এ ঘটনায় নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টিএএন ও রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারত ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরকে বিভক্ত করা নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি ভারতীয় বাহিনীর মোহরা সেনাশিবিরে জঙ্গিরা হামলা চালায়। এটি শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার দুরে বারামুল্লা জেলার উরিতে।
শ্রীনগর জেলার আহমেদ নগরের সৌরা এলাকার পুলিশ ক্যাম্পে নিয়মিত তল্লাশির সময় জঙ্গিরা গুলি চালায়। এ ছাড়াও শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে সোফিয়ান এলাকার পুলিশ কোয়ার্টারে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এ দুই ঘটনায় কেউ হতাহত হয়নি।
চতুর্থ হামলাটি হয় পুলওয়ামা জেলার ট্রাক বাস স্ট্যান্ডে। সেখানে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে দুজন মারা যান এবং ৯ জন আহত হন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাজ্য জম্মু ও কাশ্মীরে মাসব্যাপী বিধানসভা নির্বাচনের মধ্যে সম্প্রতি বড় ধরনের এই জঙ্গি হামলার ঘটনা ঘটলো। চলতি সপ্তাহেই সেনা ক্যাম্পে আরেক হামলায় এক ভারতীয় সেনা ও ছয় জঙ্গি নিহত হয়েছিল।
নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী সোমবার কাশ্মীরে যাওয়ার কথা রয়েছে। তাঁর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কাশ্মীরের রাজনৈতিক নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে বিভিন্ন রকমের চেষ্টা চালাচ্ছে। তবে দলটির শক্ত কোনো ভিত্তি কাশ্মীর উপত্যকায় নেই। ৯ ডিসেম্বর জম্মু-কাশ্মীরে তৃতীয় দফা নির্বাচন হওয়ার কথা। ২০ ডিসেম্বর পরবর্তী দফার ভোট শেষে ২৩ ডিসেম্বর ভোট গণনা হবে।
একই দিনে চার জায়গায় জঙ্গি হামলার কারণে নির্বাচনের আগে চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন।