জম্মুতে কালও গুলি চালিয়ে গেছে আটকা পড়া জঙ্গি
ভারতশাসিত কাশ্মীরের একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে আটকা পড়া জঙ্গিদের সঙ্গে গতকাল শুক্রবারও সেনাদের গোলাগুলি হয়েছে। জঙ্গিরা বৃহস্পতিবার সকালে জম্মুর আরনিয়া এলাকার ওই ক্যাম্পে হামলার একপর্যায়ে একটি পরিত্যক্ত ব্রাংকারে অবস্থান নেয়। খবর এনডিটিভির।
আরনিয়ার সেনা ক্যাম্পে জঙ্গিরা হামলা করলে ভারতীয় সেনারা পাল্টা জবাব দেয়। এ ঘটনায় গতকাল পর্যন্ত চার জঙ্গি, তিন সেনাসদস্য ও পাঁচ বেসামরিক লোক নিহত হয় বলে ভারতীয় কর্মকর্তারা নিশ্চিত করেন। জম্মু থেকে ৬০ কিলোমিটার দূরেই উধমপুরে গতকাল এক নির্বাচনী জনসভায় যোগ দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনী সূত্র বলেছে, বৃহস্পতিবার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করা সন্ত্রাসবাদীদের মধ্যে এক বা দুজন ২৪ ঘণ্টা গুলিবিনিময়ের পরও বেঁচে ছিল। ব্রাংকারে আটকা পড়ে গিয়ে তারা গুলিবিনিময় করে যাচ্ছে।
ভারতের সেনা কর্মকর্তাদের অভিযোগ, পাকিস্তানি সেনারা সন্ত্রাসীদের অনুপ্রবেশের সুযোগ করে দিতে বৃহস্পতিবার সকালে আরনিয়া সীমান্তে ভারতীয় বাহিনীর অবস্থানে গুলি চালায়। শীর্ষ সেনা কর্মকর্তারা বলেছেন, অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা আরনিয়ার কাছে সেনাদের একটি টহল দলের ওপর হামলা চালায়। জায়গাটা সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে। এরপর তারা অব্যবহৃত ব্রাংকারে ঢুকে পড়ে।