জম্মুতে গুলি করে ড্রোন নামাল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলি করে নামানো ড্রোন। বিএসএফ শুক্রবার জম্মুর কানাচক এলাকায় ড্রোনটি গুলি করে নামায়।
ছবি: এএনআই

সীমান্তরক্ষীদের চোখ এড়িয়ে এবার আর ফিরে যেতে পারেনি ড্রোন। ভারতের জম্মুতে কানাচক এলাকায় ড্রোনটি শুক্রবার গুলি করে নামায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের দাবি, সেই ড্রোন থেকে উদ্ধার হয়েছে ৫ কেজি বিস্ফোরক। আর পাওয়া গেছে একটি ফ্লাইট কন্ট্রোলার ও একটা জিপিএস।

জম্মু পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং সাংবাদিকদের বলেন, গত বছর জম্মুর কাঠুয়া এলাকায় যে ড্রোন উদ্ধার করা হয়েছিল, তার ফ্লাইট কন্ট্রোলারের নম্বরের চেয়ে এই ড্রোনে একটি সংখ্যা কম।

চীন ও তাইওয়ানের যন্ত্রাংশ দিয়ে ড্রোনটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তাঁরা তৈরি ছিলেন। রাত একটা নাগাদ সেটি প্রথম নজরে আসে। সীমান্তের দিক থেকে সেটি এগিয়ে আসছিল। নিচের দিকে নেমে এলে গুলি চালানো হয়।
পুলিশ ও গোয়েন্দাদের ধারণা, কাশ্মীরি জঙ্গিদের কাছে বিস্ফোরক পাঠানোই ছিল ছয় পাখনাবিশিষ্ট ওই ড্রোনটির উদ্দেশ্য। এ ঘটনায় লস্কর জঙ্গিরা জড়িত বলে সন্দেহ।

জম্মুর বিমান সেনার ঘাঁটিতে ড্রোন হামলার পর থেকে ভারত সজাগ রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন নিষ্ক্রিয় করতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় প্রায়ই ড্রোন দেখা যাচ্ছে। গুলি চালালে ড্রোনগুলো পালিয়ে যাচ্ছে।