জম্মুতে শিখদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাবেশের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর রাজ্যের জম্মুতে গতকাল শুক্রবার ব্যাপক বিক্ষোভ করেছেন শিখ তরুণেরা। ১৪৪ ধারা ও সঙ্গে তৃতীয় দিনের মতো চলা এ বিক্ষোভে রাজ্যের শীতকালীন রাজধানী জম্মু অচল হয়ে পড়ে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শিখ বিচ্ছিন্নতাবাদীদের খালিস্তান আন্দোলনের প্রয়াত নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালের ছবিসংবলিত পোস্টার সরিয়ে ফেলাকে কেন্দ্র করে জম্মুতে বিক্ষোভের শুরু হয়। গতকালের ব্যাপক বিক্ষোভের আগের দিন পুলিশ ও একদল শিখ তরুণের সংঘর্ষে নিহত হন জগজিৎ সিং নামের এক শিখ। আহত হন তিন পুলিশ সদস্যসহ আরও সাতজন। এ সংঘর্ষকে কেন্দ্র করে আরও সংঘাতের আশঙ্কায় জম্মু কর্তৃপক্ষ গোটা জেলায় ১৪৪ ধারা জারি করে।
নিষেধাজ্ঞার কারণে সহিংসতাপ্রবণ সাতওয়ারি-রানিবাগ-গদিগড়-আরএস পুরা এলাকাসহ বিভিন্ন স্থানে গতকাল কারফিউর মতো পরিস্থিতি বিরাজ করে। সমাবেশের ওপর নিষেধাজ্ঞার মধ্যেও শিখরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গুরুত্বপূর্ণ জম্মু-পাথাকোট মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালান। ব্যাপক বিক্ষোভ হয় দিগিয়ানা, পুঞ্চ, কাথুয়া ও রাজৌরি এলাকাতেও।