জম্মুতে সেনাশিবিরে হামলা, বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত
ভারতশাসিত কাশ্মীরের জম্মুর কাছে সেনাবাহিনীর একটি শিবিরে গতকাল শনিবার সকালে হামলা চালায় দুই সন্ত্রাসী। তারা ওই স্থাপনাটি লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছোড়ে। দীর্ঘ সময় বন্দুকযুদ্ধের পর সেনারা হামলাকারী দুজনকেই হত্যা করতে সক্ষম হয়। এ নিয়ে কাশ্মীরে গত দুই দিনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ওপর দুটি হামলার ঘটনা ঘটল। খবর এনডিটিভির।
গতকাল দুপুরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহার পারিকার বলেন, জম্মুর কাছে সাম্বায় হামলা করা দুই সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
সকাল ছয়টার আগে জম্মু-পাঠানকোট জাতীয় মহাসড়কের সাম্বা এলাকায় সেনাবাহিনীর ৮১ রেজিমেন্টের একটি শিবিরকে লক্ষ্য করে গুলি শুরু করে সন্ত্রাসীরা। তবে তারা শিবিরের ভেতরে প্রবেশ করতে পারেনি। সন্ত্রাসীরা সেনাশিবির এবং সেনাবাহিনীর একটি স্কুলের মাঝখানের জঙ্গলে লুকিয়ে দীর্ঘ সময় ধরে গুলিবিনিময় করে। একপর্যায়ে দুজনই নিহত হয়।
এর আগে গত শুক্রবার সেনাবাহিনীর ওই শিবির থেকে ২০ কিলোমিটার দূরে একটি থানায় সেনাসদস্যের পোশাক পরা সন্ত্রাসীরা হামলা চালায়। তাদের হামলায় পুলিশসহ চারজন নিহত হয়।