জম্মু-কাশ্মীর ও ঝাড়খন্ডে প্রথম দফায় শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর রাজ্যে গতকাল মঙ্গলবার বিধানসভার নির্বাচনে রেকর্ড মাত্রার ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। গতকাল ঝাড়খন্ড রাজ্যেও বিধানসভার নির্বাচন হয়। বিকেল পর্যন্ত এ রাজ্যে ভোট পড়ে ৪৮ শতাংশ। খবর এএফপি ও এনডিটিভির।

জম্মু-কাশ্মীর ও ঝাড়খন্ড দুটি রাজ্যেই নিরাপত্তা ছিল একটি বড় উদ্বেগের বিষয়। জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা ভোট বর্জনের ডাক দিয়েছিল। মাওবাদী গেরিলাদের আক্রমণের ভীতি ছিল ঝাড়খন্ডে। তাই দুই রাজ্যেই নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। পাঁচ পর্বের এই ভোটযজ্ঞের গতকালের প্রথম পর্ব শান্তিপূর্ণভাবেই উতরে যায়।

জম্মু-কাশ্মীর বিধানসভার আসনসংখ্যা ৮৭। এর মধ্যে গতকাল ভোট নেওয়া হয় ১৫টিতে। ১০ লাখের বেশি ভোটার ১২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেন গতকালের ভোটে।

গতকাল জম্মু-কাশ্মীরে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ভোট পড়ে। এর আগে এ রাজ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ ভোট পড়ে। সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত ছিল ভোট গ্রহণের সময়। তীব্র শীতের কারণে সকালে ভোটারদের সংখ্যা কম হলেও দিন বাড়ার সঙ্গে তা বাড়তে থাকে। জম্মু-কাশ্মীরে এবার চতুর্মুখী লড়াই। শাসক দল ন্যাশনাল কনফারেন্সের পাশাপাশি ভোটযুদ্ধে নেমেছে বিরোধী দল পিডিপি, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কংগ্রেস।

৮১ আসনের ঝাড়খন্ড বিধানসভায় গতকাল ভোট হয় ১৩টি আসনে। এ রাজ্যে চলছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। ক্ষমতাসীন ঝাড়খন্ড মুক্তি মোর্চা সব কটি আসনেই প্রার্থী দিয়েছে। এ রাজ্যে বিজেপিকে ঠেকানো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে ক্ষমতাসীন দল ঝাড়খন্ড জনমুক্তি মোর্চার কাছে।

জম্মু-কাশ্মীরের পাঁচ পর্বের নির্বাচনের গতকাল প্রথম পর্বে ৭২ দশমিক ২৮ ভাগ ভোট পড়েছে। এর আগের বিধানসভার নির্বাচনে সেখানে ভোট পড়েছিল ৬৪ দশমিক ৯৭ শতাংশ। বিচ্ছিন্নতাবাদীদের ভোট বর্জনের আহ্বান এবং এর সঙ্গে তীব্র শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রগুলোতে বিপুল ভোটার উপস্থিত হন। পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া এবং এই অঞ্চলের মানুষের মধ্যে আস্থা বৃদ্ধিই ভোটারদের উপস্থিতি বেড়ে যাওয়ার কারণ বলে মনে করা হচ্ছে।

এদিকে ঝাড়খন্ডে ভোট পড়েছে ৬১ দশমিক ৯২ শতাংশ। এ রাজ্যে দ্বিতীয় পর্বে ২০টি আসনে ভোট গ্রহণ করা হবে ২ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর ভোটের ফল প্রকাশ করা হবে।