জয়ললিতার ঘোষিত সম্পদের পরিমাণ ১১৭ কোটি রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা তাঁর সম্পদের পরিমাণ ঘোষণা করেছেন। তাঁর ঘোষিত সম্পদের আর্থিক মূল্য ১১৭ কোটি ১৩ লাখ রুপি। ২৭ জুন অনুষ্ঠেয় উপনির্বাচনে নিজের মনোনয়নপত্র দাখিলের সময় সম্পদের এই বিবরণ দেন জয়ললিতা। খবর এনডিটিভির।
২০১১ সালের মে মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে অন্য একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় জয়ললিতা তাঁর সম্পদ দেখান ৫১ কোটি ৪০ লাখ রুপির। গত শুক্রবার জয়ললিতা সম্পদের যে হিসাব দেখান তার মধ্যে অস্থাবর সম্পদের পরিমাণ ৪৫ কোটি ৪ লাখ রুপি এবং স্থাবর সম্পদের পরিমাণ ৭২ কোটি ৯ লাখ রুপি।
জয়ললিতার এফিডেভিটে পোয়েজ গার্ডেনের ২৪ হাজার বর্গফুটের বাড়ির দাম দেখানো হয়েছে ৪৩ কোটি ৯৬ লাখ রুপি। বলা হয়েছে, ১৯৬৭ সালে জয়ললিতা ও তাঁর মা বাড়িটি মাত্র ১ লাখ ৩২ হাজার টাকায় কেনেন। ওই বাড়িটি ছাড়া জয়ললিতার আরও চারটি বাণিজ্যিক ভবন আছে। এসবের মূল্য ১৩ কোটি ৩৪ লাখ রুপির বেশি।
সম্পদের বিবরণ অনুযায়ী তামিলনাড়ুর প্রভাবশালী দল এআইডিএমকের প্রধান জয়ললিতার হায়দরাবাদে সাড়ে ১৪ একর কৃষিজমি রয়েছে, যার দাম প্রায় সাড়ে ১৪ কোটি রুপি। আর গাড়ি আছে নয়টি। এগুলোর মূল্য ৪২ লাখ রুপি। সাবেক এ চলচ্চিত্র অভিনেত্রীর ২১ কেজি স্বর্ণালংকারের হিসাব সম্পদ বিবরণীর মধ্যে রাখা হয়নি। এর কারণ হিসেবে তিনি বলেন, গয়নাগুলো কর্ণাটক সরকারের কাছে থাকার কারণে হিসাব দেওয়া যায়নি। মুখ্যমন্ত্রী জয়ললিতার রুপার গয়নার পরিমাণ সাড়ে ১২০০ কেজি। এর মূল্য তিন কোটি রুপির বেশি।
জয়ললিতা অংশীদার হিসেবে তিনটি ব্যবসার সঙ্গে আছেন। সেখানে তাঁর লগ্নির পরিমাণ ৩১ কোটি রুপি।