জলপাইগুড়িতে রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনের একটি বগির ওপর আরেকটি উঠে পড়ে। ভেতরে আটকা পড়েছেন অনেকে
ছবি: এএনআই

জলপাইগুড়িতে রেল দুর্ঘটনা নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

জলপাইগুড়ির ময়নাগুড়ি ও দোমোহনী এলাকার মাঝে যাত্রীবাহী গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। ট্রেনটি বিহারের রাজধানী পাটনা থেকে আসামের রাজধানী গুয়াহাটিতে আসছিল। দুর্ঘটনার সময় ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার। হঠাৎ ট্রেনের ১২টি কামরা লাইনচ্যুত হয়, চার থেকে পাঁচটি দুমড়েমুচড়ে যায়। ট্রেনের কামরা একটির ওপর আরেকটি উঠে পড়ে। এতে অনেকেই ভেতরে আটকা পড়েন।

পশ্চিমবঙ্গ সরকারি সূত্র বলছে, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। আহতদের ২৪ জনকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিত্সার জন্য ১৬ জনকে ময়নাগুড়ি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গুরুতর আহতদের শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। ট্রেনটি ছাড়ার সময় ৭০০ যাত্রী ছিলেন।

রেলওয়ে সূত্র আরও জানিয়েছে, এখনো অনেকেই ট্রেনের বগির ভেতরে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গ্যাসকাটার দিয়ে বগি কেটে তাঁদের উদ্ধার করা হচ্ছে। নিউ জলপাইগুড়ি ও আলীপুর দুয়ার থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে টুইটারে এক পোস্টে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ।

রেল মন্ত্রণালয় প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ রুপি, গুরুতর আহত ব্যক্তির পরিবারকে ১ লাখ ও সামান্য আহত ব্যক্তিকে ২৫ হাজার রুপি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।