ভারতের মহারাষ্ট্র রাজ্যের খরাপীড়িত লাতুর শহরে ইঁদারা ও জলাধারগুলোর কাছে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। শহরের পানির জন্য দিশেহারা বাসিন্দাদের মধ্যে বিক্ষিপ্ত ঝগড়া-বিবাদ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ওই শহরের পুলিশ প্রধান দিনেশ্বর চাভান বলেন, পানি সংগ্রহ নিয়ে দাঙ্গার আশঙ্কায় ইঁদারা ও সাধারণ মানুষের ব্যবহার্য জলাধারের কাছে একই সঙ্গে পাঁচজনের বেশি লোক জড়ো হতে পারবে না। পানির অভাবে সম্প্রতি কয়েক হাজার লোক বিশেষ করে দরিদ্র কৃষকেরা ওই অঞ্চল ত্যাগ করেছেন। পানির অভাবে ফসল উৎপাদনে ব্যর্থ ও ঋণ পরিশোধের সামর্থ্য হারিয়ে গত বছর প্রায় ১ হাজার ৪০০ জন কৃষক আত্মহত্যা করেন। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের অবস্থা আরও খারাপ। সেখানকার খাল ও জলাধার শুকিয়ে গেছে। পানদুরাং বলেন, ‘জলাধার পুরোপুরি শুকিয়ে গেছে। চাহিদা পূরণে আমরা বিকল্প উৎস থেকে পানি সংগ্রহের চেষ্টা করছি।’
এএফপি