জাকির নায়েক ইস্যুতে বরখাস্ত হতে পারেন ভারতের এক কর্মকর্তা
ভারতের ইসলামি বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) বিদেশি অনুদান গ্রহণের অনুমতি দেওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক যুগ্ম সচিবকে বরখাস্ত করা হতে পারে।
অনুদানের অপব্যবহার ও জঙ্গিদের উদ্বুদ্ধ করার অভিযোগে জাকির নায়েক, তাঁর পিস টিভি ও এনজিওর বিরুদ্ধে ভারতে তদন্ত চলছে। আইআরএফকে বিদেশি অনুদান গ্রহণের অনুমতি দেওয়ায় এর মধ্যে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
জাকির নায়েকের এনজিও আইআরএফ নিয়ে তদন্ত চলা সত্ত্বেও গত ১৯ আগস্ট প্রতিষ্ঠানটিকে বিদেশি অনুদান গ্রহণের অনুমতি দেওয়া হয়। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘তদন্ত চলাকালে অনুমতিপত্র নবায়ন করা সঠিক নয় বলে আমরা তিন কর্মকর্তাকে ইতিমধ্যে বরখাস্ত করেছি।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন একই কারণে এনজিওতে বিদেশি অর্থায়নের বিষয় দেখভালকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিভাগের প্রধান জ্যেষ্ঠ এক যুগ্ম সচিবকে সম্ভবত বরখাস্ত করা হবে।