জাকির নায়েকের প্রতিষ্ঠানে তল্লাশি

ভারতের আলোচিত ইসলামি চিন্তাবিদ ও পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েকের গড়া বেসরকারি সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরই)-সংশ্লিষ্ট ১০টি স্থানে তল্লাশি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার এই অভিযান চালানো হয়।
পিস টিভিতে সম্প্রচারিত জাকির নায়েকের বক্তৃতা যাচাইয়ের পর গতকাল সকালে মামলাটি নথিভুক্ত করা হয়। পিস টিভির আংশিক মালিকানা জাকির নায়েকের গড়া আইআরইর। এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর কার্যালয় মহারাষ্ট্র রাজ্যে।
ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় গত ১ জুলাই রাতে চালানো জঙ্গি হামলার ঘটনায় জাকির নায়েকের নাম সামনে আসে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ওই হামলায় অংশগ্রহণকারীদের অনেকে জাকির নায়েকের বক্তৃতায় উজ্জীবিত হয়ে গুলশানে জঙ্গি হামলা চালিয়েছে।
জাকির নায়েকের আইনজীবী মবিন সলকার বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘আমরা এফআইআরের কপি এখনো হাতে পাইনি। এই এফআইআর অবৈধ। কারণ, ২০১২ সালে অন্য একজনও একই অভিযোগ করেছেন।’