ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভারতের সহিংসতাকবলিত হরিয়ানা রাজ্য। তবে ক্ষতির চিহ্ন রয়ে গেছে রাজ্যের নানা স্থানে। রাজ্য সরকারের দাবি, আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠার ফলে প্রায় ৩৪ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার ক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার।
জাঠ সংরক্ষণের প্রশ্নে নতুন করে সহিংসতায় গত সোমবার রোহতক ও সোনেপতে দুজনের মৃত্যু হয়েছে। রাজ্যে চার দিনের সহিংসতায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ১৯।
দিল্লি আসার পথে গতকাল সহিংসতার বড় শিকার রোহতকে থামলে ক্ষুব্ধ জনতা মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখায়, স্লোগান দেয়। মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, আন্দোলনের ফলে যাদের প্রাণহানি ঘটেছে ও সম্পত্তির ক্ষতি হয়েছে, তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া হবে। তাতে আশ্বস্ত না হয়ে জনতা দাবি জানাতে থাকে, মৌখিক প্রতিশ্রুতি নয়, মুখ্যমন্ত্রীকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। বিজেপির দলীয় কর্মীরা ও পুলিশ মুখ্যমন্ত্রীকে নিরাপদে নিয়ে আসে।
মুখ্যমন্ত্রী দিল্লিতে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে আলোচনায় বসবেন। শিক্ষা ও সরকারি চাকরিতে জাঠ সংরক্ষণের প্রশ্ন বিবেচনা করতে কেন্দ্র যে উচ্চপদস্থ কমিটি গঠন করেছে, ভেঙ্কাইয়া তার নেতা।
গতকাল রাজ্যের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। সেনাবাহিনী মুনাক খালের দখল নেওয়ায় রাজধানী দিল্লিতে পানি-সংকটের আশঙ্কা অনেকটাই দূর হয়েছে। যদিও সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। রাজ্যের সর্বত্র সান্ধ্য আইন শিথিল হলেও কোনো কোনো স্থানে তা জারি রয়েছে।
হরিয়ানায় ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে এলেও পার্শ্ববর্তী রাজ্য রাজস্থানের কোনো কোনো এলাকায় অশান্তি ছড়িয়েছে। জয়পুর, ডিগে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছে। পূর্ব রাজস্থানের ধরমুইয়ে সরকারি বাসে আগুনও লাগানো হয়। রাজস্থান-মুম্বাই রেল যোগাযোগও বন্ধ।
শিক্ষায় অনগ্রসর হলেও হরিয়ানার জাঠরা অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে যথেষ্ট অগ্রসর। এই জাঠদের রাজনৈতিক প্রভাব নষ্ট করার একটা ‘চক্রান্তের’ অভিযোগ অ-জাঠ রাজনীতিকদের বিরুদ্ধে উঠেছে।